২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন কেড়ে নিল দুই শিশুর প্রাণ

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের চকমথুরাবাদ গ্রামে আগুনে পুড়ে মারা গেছে দুটি শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

খুলনা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের চকমথুরাবাদ গ্রামে আগুনে পুড়ে মারা গেছে দুটি শিশু। মঙ্গলবার রাতে নিজের বাড়িতে টুম্পা (৯) ও মিম (৬) অগ্নি˜গ্ধ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। মিম ঘটনাস্থলেই মারা যায়, টুম্পার মৃত্যু হয় বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। দিনমজুর জামাল হোসেনের বাড়ির রান্নাঘর থেকে ওই আগুনের সূত্রপাত বলে জানান ডুমুরিয়া থানার ওসি মশিউর রহমান। নিহতরা জামালের (৪০) দুই সন্তান। স্থানীয় মসজিদের ইমাম শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে জামালের বসত ঘরে হঠাৎ আগুন লাগে যায়। তখন জামাল ও তার স্ত্রী আকলিমা বেগম বাড়িতে ছিলেন না। ঘরে ছিল তাদের দুই ছেলে ও দুই মেয়ে। “আগুন দেখে বড় ছেলে শাওন (১২) ভাইবোনদের ডেকে তুলে ছোট ভাই নয়নকে (৩) কোলে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু টুম্পা ও মিম খাটের নিচে আশ্রয় নেয়।” আগুন নেভানোর পর খাটের নিচ থেকে অগ্নিদগ্ধ দুই বোনকে উদ্ধার করে স্থানীয়রা। মিম বেঁচে না থাকলেও টুম্পার হৃৎস্পন্দন দেখে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় টুম্পারই মৃত্যু হয়। বুধবার দুপুরে এলাকার মসজিদের সামনে দুই শিশুর জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে বলে ইমাম জানান। আগুনের কারণ জানতে চাইলে তিনি বলেন, রান্না ঘরে চুলার ওপর কাঠ শুকাতে দেয়া ছিল। সেখান থেকেই আগুন লাগে। ওসি মশিউরও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, জামালের রান্না ঘর থেকেই আগুনের সূত্রপাত।” কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার ডুমুরিয়ার গোপালনগর বিল থেকে বুধবার সকালে কলেজছাত্র ওবায়দুল ইসলাম রুবেলের (১৮) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গুটুদিয়া গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে রুবেল ডুমুরিয়া কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। শোভনা ইউনিয়নের শিবপুর গ্রামের গোপালনগর বিলে খোকা গোলদারের মাছের ঘের থেকে লাশ উদ্ধার করা হয় বলে খুলনার সহকারী পুলিশ সুপার আবদুল কাদের বেগ জানিয়েছেন। রুবেলের প্যান্টের পকেটে উপজেলার চুকনগর থেকে কেনা খলশী গ্রামের শহিদুল ইসলামের নামে বাজাজ মটর সাইকেলের একটা রশিদ পাওয়া গেছে। শহিদুল পুলিশকে জানিয়েছেন, রুবেল তার কাছ থেকে গত মঙ্গলবার সকালে মটর সাইকেলটা ভাড়া করেন। রুবেলের বাবা শেখ লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সকাল ১০টায় রুবেল বাড়ি থেকে বের হয়। সহকারী পুলিশ সুপার কাদের বেগ বলেন, সম্ভবত মোটর সাইকেলটি লুটের জন্য রুবেলকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.