২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইন সংশোধন অগ্রগতি বাধাগ্রস্ত করবে’

প্রশাসক নিয়োগের বিধান রেখে কোম্পানি আইন সংশোধনের উদ্যোগের বিরোধিতা করে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, এতে উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসক নিয়োগের বিধান রেখে কোম্পানি আইন সংশোধনের উদ্যোগের বিরোধিতা করে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলেছে, এতে দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। এ ধরনের বিধান চূড়ান্ত করার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করারও পরামর্শ দিয়েছেন বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘কোম্পানি আইন (সংশোধন) ২০১২’ অধ্যাদেশ আকারে জারির প্রস্তাব অনুমোদন করা হয়। পরদিন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ সাত সংগঠনের এক যৌথ বিবৃতিতে এ সংশোধনের বিরোধিতা করে বলা হয়, বেসরকারি যে কোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগ ও প্রশাসকের দায়মুক্তির বিধান রেখে সরকার কোম্পানি আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে তা দেশের ব্যবসায়ী স¤প্রদায় সমর্থন করে না। বুধবার বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলন করে সফিউল ইসলাম বলেন, “হল-মার্কের কারণে আর্থিক খাতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল সেখান থেকে আমরা কেবল বেরিয়ে আসার চেষ্টা করছি। এর ওপর বর্তমানে শিল্পে নতুন যে সঙ্কটের সৃষ্টি হয়েছে তা হলো- সরকার চাইলেই বেসরকারি যে কোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগ দিতে পারবে।” “আমরা মনে করি, এ ধরনের বিধান থাকলে তা শিল্প ও বাণিজ্যে উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। আমরা দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার যে উদ্যোগ নিয়েছি তা ব্যাহত হবে”, বলেন তিনি। বিদ্যমান কোম্পানি আইন থেকেই সমস্যা সমাধানের উপায় বের করতে হবে বলে মন্তব্য করেন তিনি। ডেসটিনি ও হল-মার্ক সঙ্কটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করতে চায়, এমন দুই-একজন ব¬াকশিপ সব জায়গায়ই আছে। প্রচলিত আইন অনুযায়ীই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের জন্য গোটা শিল্পে প্যানিক তৈরি করা এবং স্থবিরতা আনা ঠিক হবে না।” শ্রমিকদের বেতন-ভাতা সফিউল ইসলাম জানান, অধিকাংশ তৈরি পোশাক কারখানায় সেপ্টেম্বর মাসের বেতন, ওভারটাইম ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। অনেক মালিক অক্টোবর মাসের আংশিক বেতনও পরিশোধ করেছেন। যারা বেতন- বোনাস দিতে পারেননি তাদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “বেতন-ভাতা বিষয়ে সমস্যা হতে পারে- এমন প্রায় ৬০০ পোশাক কারখানাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।” “এদের অনেকেরই প্রকৃতপক্ষে সমস্যা আছে। তবে অবশ্যই তারা বেতনটা পরিশোধ করে দেবে”, বলেন তিনি। হল-মার্ক গ্রুপের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়েও কথা বলেন এই ব্যবসায়ী নেতা। তিনি বলেন, ওই গ্রুপের ১৭ হাজার শ্রমিকের ১০ কোটি টাকা বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। “সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বিজিএমইএ ও হল-মার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।” এরপরও হল-মার্ক শ্রমিকরা আন্দোলন করছে কেন জানতে চাইলে সফিউল ইসলাম বলেন, “হয়তো বোনাসের দাবিতে তারা আন্দোলন করছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএইচ/জেকে/১৬২০ ঘ.