কুষ্টিয়া, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বারুইপাড়া মাঠ ও কুমারখালী উপজেলার পান্টি এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে বারুইপাড়ার মাঠ ও পান্টিগ্রাম গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বারুই গ্রামের মাঠে অজ্ঞাতপরিচয় এক যুবককে জবাই করে হত্যার পর তার মাথা পাশের একটি সেতুর ওপর ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এদিকে কুমারখালী উপজেলার পান্টি গ্রাম থেকে উজ্জ্বল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উজ্জ্বল ওই গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
কুমারখালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, উজ্জ্বল গত দুই মাস ধরে নিখোঁজ বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশের ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩০ ঘ.
bdnews24