ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তাঘাটের সমস্যার জন্য যানজট হচ্ছে না বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
যানজটের কারণ হিসেবে তিনি রাস্তায় গরুর হাট, মহাসড়কে ‘আনফিট’ গাড়ি বিকল হয়ে যাওয়া এবং গরু পরিবহনকারী ট্রাকগুলো ধীর গতিতে চলাচলকে দায়ী করেছেন।
বুধবার সায়দাবাদ বাস টার্মিনাল ও দনিয়া কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
গরু পরিবহন শেষ হলে যানজট কমে আসবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদ উপলক্ষে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট দূর করতে কী ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ মহাসড়কে বর্তমানে যানজট নেই। সেখানে সড়ক বিভাগ সচিব ও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন এবং তদারকি করছেন।
যানজট নিয়ে মন্ত্রী বলেন “যা হওয়ার হয়ে গেছে, যাত্রীদের দুর্ভোগ কমানোর চেষ্টা করা হচ্ছে।”
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে মন্ত্রী জানান।
পরিবহন খাতে চাঁদাবাজি রাতারাতি নির্মূল করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।
পরিদর্শনের সময় যোগাযোগ মন্ত্রনালয়ের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫১৭ ঘ.
bdnews24