চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাটে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর খতিবের হাট এলাকায় ‘মা মনি ভিলা’ নামের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি ঘরে খুন হন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী ডলি আক্তার (৩০), তার ছেলে আলভী (১০) ও মেয়ে আদিবা পায়েল (৬)।
পাঁচলাইশ থানার ওসি সদীপ কুমার দাশ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডলির বাবা মো. ইসহাক মঙ্গলবার গভীর রাতে একটি মামলা দায়ের করেন, যাতে ‘এক বা একাধিক’ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান তিনি।
হত্যাকাণ্ডের পর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ সাংবাদিকদের বলেছিলেন, তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
“রক্তাক্ত অবস্থায় ঘরের একটি কক্ষে ডলির লাশ পাওয়া যায়। শিশু দুটির লাশ ছিল অন্য ঘরে।”
ঘটনাস্থল ঘুরে দেখে মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, ডাকাতির কোনো আলামত তারা পাননি।
মা ও সন্তানদের শরীরের একই স্থানে আঘাতের ধরন দেখে হত্যাকারী একজন বলেই ধারণা করছে পুলিশ।
এদিকে স্ত্রী ও ছেলে-মেয়ে খুন হওয়ার খবরে আনোয়ার হোসেন বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রামে পৌঁছেছেন বলে ডলির ছোট ভাই রবিউল হোসেন লাভলু জানিয়েছেন।
তিনি বলেন, ময়না তদন্ত শেষে তিনজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে।
ডলির বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তার স্বামীর বাড়িও একই উপজেলার কাগতিয়া গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/জেকে/১৪৫৫ ঘ.
bdnews24