বেনাপোল, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঈদের আগে চলতি মাসের মজুরি দেয়া না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা।
বাংলাদেশ স্থলবন্দর শ্রমিকলীগের আওতাভুক্ত হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের একটি অংশ (৮৯১) সভাপতি গোলাম মোস্তফা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বেলা ১২টার মধ্যে ১৮ অক্টোবর পর্যন্ত মজুরি পরিশোধ না করা হলে শ্রমিকরা আবারও আন্দোলনে যাবে।
সেই সঙ্গে বন্দরের প্রশাসনিক ভবন ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছে তারা।
তিনি জানান, ঈদ উপলক্ষে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকরা চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত মজুরির টাকা পরিশোধের দাবি করে বন্দর কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি না মেনে চলতি মাসের বিলের অগ্রিম হিসেবে ৮৯১ নং শ্রমিক ইউনিয়নকে ৬ লাখ ও ৯২৫ নং শ্রমিক ইউনিয়নকে ৫ লাখ টাকা দেয়। সেই সঙ্গে মাস শেষে তাদের প্রাপ্য টাকা পরিশোধ করে দেওয়া হবে বলে জানায়।
বন্দরের আরেকটি হ্যান্ডেলিং শ্রমিক সংগঠন (৯২৫) সভাপতি জাহাঙ্গীর আলম লাল জানান, শ্রমিকরা ১৮ তারিখ পর্যন্ত দাবিকৃত মুজুরি না পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বন্দরের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে। পরে বন্দর অডিটরিয়ামে বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় পুলিশ প্রশাসন ও শ্রমিকদের এক বৈঠক হয়।
বৈঠকে আগামী বৃহস্পতিবার ১২ টার মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করলে শ্রমিকরা আবারও আন্দোলনে যাবে বলে সিদ্ধান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৪১৯ ঘ.
bdnews24