গাজীপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর মিল গেইট এলাকায় ঝুট পল্লীতে আগুন লেগে ১৩টি ঝুট গুদাম পুড়ে গেছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে আগুন লাগে। গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ৫টি ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবু জাফর আহমেদ জানান, ফেলে দেয়া সিগারেটের আগুন থেকে টঙ্গীর মিল গেইট এলাকার ঝুট পল্লীর অগ্নিকা-ের সূচনা হয়। মুহূর্তে মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ১৩টি গুদামের তুলা ও ঝুটে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলেও তিনি জানান।
তবে ঝুট ব্যবসায়ী বাদল মিয়ার দাবি আগুনে কমপক্ষে ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১২৪৩ ঘ.
bdnews24