২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার নাম ‘একুশে ফেব্রুয়ারি’

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এসে আড্ডায় মেতেছিলেন শিল্পী মূর্তজা বশীর। একাত্তরের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের দিনগুলোতেই তার উপলব্ধি হয়েছিল জীবন কতো সুন্দর। জানাচ্ছেন আহমেদ মুনীরুদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2012, 05:54 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

আহমেদ মুনীরুদ্দিন ঢাকা, ২৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের ২৫ মার্চ কালরাতে ঢাকায় পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যা দেখেছেন শিল্পী মূর্তজা বশীর। সন্ত্রস্ত, শোকস্তব্ধ নগরী থেকে নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়া লাখো মানুষের সঙ্গে পথে নেমেছিলেন তিনিও। বিক্ষুব্ধ হৃদয়ে স্ত্রীর হাত ধরে বলেছিলেন- ‘মরলে একসঙ্গেই মরব’। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে এসেছিলেন শিল্পী মূর্তজা বশীর। ২২ অক্টোবর ঘরোয়া সেই আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ এর সঙ্গে আলাপচারিতায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের পাশাপাশি শিল্পকলা নিয়েও কথা বলেন শিল্পী। আড্ডায় যোগ দেন আফসান চৌধুরীও। মূর্তজা বশীর বলেন, উত্তাল গণ-অভ্যুত্থানের দিনগুলোতে ঢাকার এলিফ্যান্ট রোডের বাড়ীতে থাকতেন তিনি। একাত্তরের অগ্নিঝরা মার্চেও সেখানেই ছিলেন। সঙ্গে স্ত্রী আর দুই মেয়ে। বড়র বয়স আট, ছোটর এক-দেড়। মার্চের থমথমে ঢাকায় বাংলাদেশের পতাকা টাঙানো নিজ গাড়িতে করে বাড়ি ফিরছিলেন শিল্পী। সেদিন ২৫ মার্চ ... চারদিকে আশঙ্কা, আর কী হতে যাচ্ছে তা নিয়ে চাপা গুঞ্জন। এলিফ্যান্ট রোডে আসতেই কী ভেবে, না দেখে গাড়ি থেকে পতাকাটা নামিয়ে ফেলেন তিনি। এ সময়েই চোখাচোখি হয়ে যায় দীর্ঘদিনের স্বজন লে. কর্নেল মোয়াজ্জেমের সঙ্গে, লজ্জিত হন শিল্পী। সহজ হওয়ার জন্যে দু’একটা কথা বলা ছাড়া ‘মোয়াজ্জেম ভাই’য়ের সঙ্গে সেদিন তার আর কোনো কথা হয়নি। নিয়তির কী নির্মম পরিহাস ওই কালরাতেই পাকিস্তানি হানাদাররা হত্যা করে লে. কর্নেল মোয়াজ্জেমকে। পরদিন মূর্তজা বশীর দেখেন মোয়াজ্জেমের চাপ চাপ রক্ত, কোরবানীর পশু জবাইয়ের পর যেমন থাকে, তেমনি লাশ টেনে নেওয়ার দাগ মেঝেতে। বেবী মওদুদ: ঢাকা ছাড়লেন কবে? মূর্তজা বশীর: পরদিন। আগের রাতেই আমার বাড়ীতে গুলি এসে লাগল...রান্নাঘরের জানালায়। দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে কোথায় যাবো কী করবো এসব ভেবে রাত কাটল টেনশনে। তখনো জানি না আসলে কী হচ্ছে। পরদিন রাস্তায় টহল চলছে, মানুষ ছুটছে দিগবিদিক। নিউ মার্কেটের কাছে ...বলাকা সিনেমা হলের দিকটায় এসে সন্ত্রস্ত স্ত্রীর হাত ধরে শিল্পী বলেন, “মরলে একসঙ্গেই মরবো”। গতরাতের বিভীষিকা কাটিয়ে প্রিয় ঢাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার ওই মূহুর্তে হঠাতই যেন তার মনে হল “জীবন কতো সুন্দর। এই যে গাছের পাতায় রোদ খেলা করছে, বাতাসে বয়ে যাচ্ছে পাতার ফাঁক দিয়ে। এই দৃশ্যটা যেন জীবনে এই প্রথম দেখা! সবকিছু যেন অন্যরকম লাগছিল! মনে হল জীবন যে কতো সুন্দর তার নতুন উপলব্ধি এল আমার।” বেবী মওদুদ: কোথায় গেলেন ঢাকা ছেড়ে? নদীর ওপাড়ে? মূর্তজা বশীর: প্রথমে বেগম বাজারের বাসায়। সেখানে গিয়ে দেখি বাসায় তালা ঝুলছে। গেলাম নদীর ওপাড়ে জিঞ্জিরায়। মানুষজনকে জিজ্ঞেস করতে থাকি, ‘শহীদুল্লাহ সাহেবে’র পরিবার কোথায় গেছে। একটা জিনিস দেখবেন, গ্রামে এইটা ছিল, কোথাও লোকজন গেলে স্থানীয়রা জানতে চায়, কই যাইতাছেন? কার বাড়ী? আর যুদ্ধের সময়টাতে তো পুরো বিষয়টায় অন্যরকম, মানুষ মানুষের অনেক কাছে চলে এসেছিল। প্রথমে আশ্রয় নেন ‘আলাউদ্দিনের মা’ বলে ডাকতেন তাদের এক কাজের মহিলা ছিল, তার বাড়ীতে। সেখান থেকে পরে তাদের পরিবারের অন্য লোকজন যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে যান। এক মওলানার আশ্রয়ে ছিলেন। দুইদিন পরে কার্ফ্যু তুলে নেয়। মূর্তজা বশীর: ঢাকায় কী হচ্ছে? কী করবো? বেবী তুমি তো জানো, আমরা ঢাকায় ‘স্বা-ধী-ন-তা’ মিছিল করলাম যুদ্ধ শুরুর আগেই, ওই চারটা অক্ষর লেখা প্ল্যাকার্ড সামনে নিয়ে। নিজেকে আর সামলাতে পারছিলাম না। স্ত্রী-মেয়েরা এখন পরিবারের লোকদের সঙ্গে থাকায় কি না একটু হালকা লাগল তার ...হঠাৎ কী হল তিনি একটা নৌকায় চড়ে বসলেন। ঢাকায় ফিরবেন। নদীর ওপাড়ে ওই মওলানার আশ্রয়ে আগের রাতেও একটা পাটিতে ঘুমিয়েছিলেন তিনি। সেদিন না ফেরায় অন্য এক লোক সেখানে থাকতে চাইল। অন্যরা মানা করায় ওই লোক বলেন, “উনি আসলে জায়গা ছেড়ে দেবো”। শিল্পী পরে জানতে পেরেছেন ওই রাতে ওই পাটিতে ঘুমিয়ে থাকা অবস্থাতেই পাকিস্তানি সেনাদের অপারেশনে ওই লোক নিহত হন। ঢাকায় এসে নতুন সংগ্রাম, যুদ্ধের। বড় চুল কেটে ফেললেন। মেডিকেল রিপ্রেজেনটেটিভের একটা আইডি কার্ড বানালেন। তিনি আর শিল্পী আমিনুল ইসলামনহ আরো কয়েকজন মিলে রওনা হবেন, দেখা হল মুনীর চৌধুরীর সঙ্গে। “জানতে চাইলেন, কোথায় যাও? তিনি বুঝলেন আমরা পালানোর প্রস্তুতি নিচ্ছি।” এরপর তো যুদ্ধ। আহমেদ মুনীরুদ্দিন: স্যার, দেশ তো স্বাধীন হল, এখন দেশটাকে কীভাবে দেখছেন? মূর্তজা বশীর: কীভাবে দেখবো! আমাদের রাজনীতিবিদদের কোনো দেশপ্রেম নাই-প্রথমে আমি, তারপর আমার আত্মীয়রা, তাদের কাছে দেশ কোথায়? ৬০ বছর ধরেই দেশে একুশের চেতনা নাই। ৪০ বছর ধরেই মুক্তিযুদ্ধের চেতনা নাই। রাজনীতিতে সাধারণ মানুষের কোনো প্রতিনিধিত্ব নাই। এখন কারা রাজনীতি করছে? সেখানে কারা সামনে আসছে? আর রাজনীতিতে যেমন তেমনি কোথাও সাধারণ মানুষ নাই। সাধারণ মানুষের কথা নাই। আরেকটা জিনিস হল, এখন তো আদর্শের রাজনীতি নাই। আহমেদ মুনীরুদ্দিন: স্যার, আপনারা, অনেক শিল্পী-কবি-লেখক-সংস্কৃতিকমীরা তো যুদ্ধের আগে থেকেই আন্দোলনে ছিলেন। অনেকে ভাষা আন্দোলনের সময় থেকেই সক্রিয় ছিলেন। ওই প্রজন্মের অনেকে তো যুদ্ধের পরও অনেক সময় পেয়েছেন, অনেকে এখনও বেঁচে আছেন। তো আমাদের চারুশিল্পে, সাহিত্য-শিল্পকলায় মুক্তিযুদ্ধের এতোবড় অভিজ্ঞতার ছাপ কতোটা দেখতে পান? মূর্তজা বশীর: দ্যাখো, মুক্তিযুদ্ধ মানেই বন্দুক না। আবহমান বাংলা মানেই কলসী কাঁখে নারী না। এখন এইটা কে বোঝাবে। আরেকটা বিষয় হল তুমি কাকে আনবা। তুমি রাজশাহীতে যাও। মুক্তিযুদ্ধে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর সামসুজ্জোহার কথা বলবা। কিন্তু ওই দারোয়ানের কথা হারিয়ে গেল। আমি সেখানে গিয়ে শুনলাম...বিশ্ববিদ্যালয়ের যে বুড়া দারোয়ান ছিল গেটে, পাকিস্তানি বাহিনী তাকে গেট খুলে দিতে বললো। উনি চাবি দিতে অস্বীকার করলেন। উনাকে সেখানেই গুলি করে মেরে ফেললো। এখন উনার নাম তো আর তুমি বলছো না। উনাকে তো তুমি সামনে আনছো না। আরেকটা হল তুমি যেখানে কাজ করছো সেই জায়গাটা বোঝা। সরকার বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে ম্যুরাল করার সিদ্ধান্ত নিল। আমার ভাগে পড়ল সিলেট। আমি সিলেটে গেলাম। ভাবতে লাগলাম কী করবো। ২২ ফিট বাই ৪২ ফিটের পুরো ম্যুরালটাই আমি করলাম শীতল পাটির বুনটে। ৩ ইঞ্চি বাই ১ ইঞ্চি করে একটা একটা খোপের মতো করে পুরোটা। সিলেটের শীতল পাটি বিখ্যাত। আমি খবর নিলাম শীতল পাটি সবচেয়ে ভাল কই হয় সেখানে। গেলাম বালাগঞ্জে। ওইখানে অনেক রকমের কাজ দেখলাম শীতল পাটির। ফর্ম হিসেবে নিলাম শীতল পাটি। বিষয় হিসেবে আসল বা দিকে গাছ, ফল, সেখানে রক্ত ঝরছে, শহীদ মিনার আসলো, আগুনের শিখার ভেতর থেকে বেরিয়ে উড়ছে কয়টা জালালী কবুতর। জালালী কবুতর হইল সিলেটের বিশেষ বিষয়। পাশে কাঁটালতা ঘিরে আছে ... একটা গম্বুজ আর পথ ... সিঁড়ি। এখন আপনি মুসলিম-হিন্দু-খ্রিস্টান যেই ট্র্যাডিশনেই যান দেখবেন যে একটা আর্চের ফর্ম থাকে - আসলে এটা প্রার্থনার সঙ্গে স্পিরিচুয়ালিটির সঙ্গে রিলেটেড। আর ওই যে পথটা ওইটাকে কাঁটালতা দিয়ে রাখলাম, কারণ আসলে মুক্তির পথটা সহজ না, ওইটা কন্টকাকীর্ণ। আফসান চৌধুরী: আপনার ম্যুরালের ন্যারেটিভ প্যাটার্ন তো খুবই হিরোইক। মূর্তজা বশীর: মুক্তিযুদ্ধকে তো ‘গ্লোরিফাই’ করতে হবে। আমাদের চেতনাটা তখন তাই ছিল। আফসান চৌধুরী: কিন্তু ‘গ্লোরিফাই’ করতে হবে কেন? মুক্তিযুদ্ধের তো অন্য অনেক আঙ্গিকও ছিল। অনেক কিছুই তো আসে নাই। যুদ্ধ তো শুধু মানুষের বীরত্বের ব্যাপার না। ওইখানে তো আরো এক্সপ্রেশান ছিল। মূর্তজা বশীর: এইটা ঠিক শিল্পে অনেক কিছুই আসে নাই। এমনকী গল্প-উপন্যাসে, সিনেমাতেও মুক্তিযুদ্ধকে পাওয়া যায় না। সাধারণ মানুষের অভিব্যক্তি নাই। আহমেদ মুনীরুদ্দিন: কিন্তু স্যার, যে কথাটা তখন বলছিলাম ... অনেক শিল্পী-কবি-লেখক-সংস্কৃতিকর্মীরা তো যুদ্ধে ছিলেন ... তারপরও আমরা শিল্পকলায় যুদ্ধটাকে ওইভাবে পেলাম না কেন? মূর্তজা বশীর: নাই। আসে নাই। একুশে, একাত্তরের ছবি নাই। কবিতায়-সিনেমায় এসেছে কিছু, ছবিতে নাই। একটা বিষয় কি স্কাল্পচারের কথা বাদই দিলাম পেইন্টিং তো মাধ্যম হিসেবে ব্যয়বহুল। কারা ছবি আঁকছে। শিল্পীরা তো মধ্যবিত্ত শ্রেণীর। তুমি একটা ছবি আঁকলা, সেইটা কই বিক্রি করবা? কে কিনবে তোমার ছবি? এখন বিক্রি হচ্ছে। গত এক-দেড় দশকে গার্মেন্ট ব্যবসায়ীরা, আরো অন্য ব্যবসায়ীরা ছবি কিনছে। তারা শিল্প বোঝে না, কিন্তু ইনভেস্ট করে। অনেক আগের কথা, আমার পরিচিত এক ব্যবসায়ী একদিন আমারে ডাইকা কইল আমার ছবি কিনতে চায়। আমি জানতে চাইলাম কেন? সে বললো তোমার নাম-ডাক হইছে, তোমারে নিয়া লেখালেখি হয়। তো এইটা আমার ইনভেস্টমেন্ট। আফসান চৌধুরী: হাহ হা হা! মূর্তজা ভাই! শোনেন। আমারও একটা গল্প আছে এই ছবি বিক্রি নিয়া। আমি তখন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়া আমার বইটার কাজ করতেছি। বইয়ের পেছনে আমার সব সঞ্চয় শেষ। আমার নাওয়া খাওয়া নাই, মাথার ঠিক নাই। কিন্তু টাকার যোগাড় নাই। কী করবো? আমার কাছে জয়নুল আবেদিনের একটা ছবি ছিল, আমি ওইটা বিক্রি করে দিলাম। অনেক না হইলেও বেশ ভালোই টাকা পাইলাম। মজার বিষয় হল, আমি তো এতো কিছু জানতাম না যে আমাদের এখানেও ছবি নকল হয়। আমার পরিচিত একজনের কাছেই গেলাম, সে আসল আমার বাসায়, ছবিটা খুলে দেখল। বলল ঠিক আছে। তারপর সোজা আমাকে জিজ্ঞেস করল দাম কতো চান। আমি জিজ্ঞেস করলাম কি দেখলেন কি বুঝলেন? উনি আমাকে বলল দ্যাখেন এক নম্বর বিষয় হইল আপনি তো এই লাইনের লোক না, সুতরাং এমনিতেই আপনারে নিয়া টেনশন নাই। আর আমি দেখলাম এইটা জয়নুলের চাঁদপুরে করা কাজ, তার ওই সিরিজের দশ বারোটা কাজ আছে। বাকী কয়টা আছে বিভিন্ন জায়গায়। এইটা তখনকার জলরংয়ে তার বিখ্যাত স্টাইলে ওয়াশের কাজ। এখন কাহিনী হইল আমি কিন্তু ওই ছবিটা পাইছিলাম উপহার হিসেবে। আমার প্রথম উপন্যাস প্রকাশের পর আমার বইটা পড়ে একজন আমাকে ডেকে নিয়ে ওই ছবিটা গিফট্ করে। তো দ্যাখেন সেই ছবি আমারে আমার দুর্দিনে বাচাইল। আমার মুক্তিযুদ্ধ নিয়ে কাজটা আমি করতে পারলাম। আর্ট আসলেই একটা বিগ ইনভেস্টমেন্ট! হা হা হা! মূর্তজা বশীর: শোনো, আমি অনেক আগে কলকাতায় একটা ইন্টারভিউতে একজনরে একটান সিরিয়াস কথা বলছিলাম। সেইটা নিয়া অনেক কথা হইছে। এখন আমি আর ওইরকম কই না। বলছিলাম শিল্পীরা হইল ‘পরগাছা’, এখন কই শিল্পীরা আসলে ‘অর্কিড’। পরগাছাই তবে সুন্দর আরকি! মানুষ ছবি কিনলে শিল্পীরা বাঁচে। আহমেদ মুনীরুদ্দিন: এই অবস্থায় মধ্যবিত্ত শিল্পী আর শিল্পের ক্রেতার এই সমস্যা তো একটা বিষয়। এইটা থেকে বেরোনোর উপায় কী? মূর্তজা বশীর: সরকার একটা কাজ করতে পারতো। ধরো পরিত্যক্ত ভবন, বাড়ী-ঘর, কারখানা যাই হোক। অর্পিত সম্পত্তি না, মানে যেইটারে একসময় শত্রু-সম্পত্তি বলতো তার কথা বলছি না। পরিত্যক্ত বাড়ী-ঘর। এসবরে আর্ট গ্যালারি বানায়ে ফেলা যেতো। গ্যালারি বানায়া সরকার লোকজনরে বলবে তোমরা এইখানে ছবি দান করো তোমাদের এই ছবির টাকা আয়কর মুক্ত করে দেওয়া হবে। তাহলে মানুষ বেশি বেশি ছবি কিনতো। ওই যে ট্যাক্স ফাঁকি দিতে পারতো! ছবি পাঁচ লাখে কিনলে বলবে দশ লাখে কিনছি। আহমেদ মুনীরুদ্দিন: স্যার আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। মানে ছবিতে-ভাস্কর্যে মুক্তিযুদ্ধ আসা বা না আসা। সামাজিকভাবে মানুষের কাছে ইতিহাসটা তুলে ধরা। চেতনার একটা ছবি মনে গেঁথে দেওয়া। সেইটা তো এখন রাস্তাঘাটেও ধরেন ভাস্কর্যের নামে অনেক কিছু হচ্ছে। সরকারেরও বিভিন্ন উদ্যোগ আছে এ ধরনের। কিন্তু আমরা তো ভাল কিছু দেখতে পাচ্ছি না। মূর্তজা বশীর: হ্যাঁ ওইটা তো বলছিলাম। আমি প্যারিসে গেলাম। ওইখানে আমি দেখলাম রাস্তায়, এমনকী পাড়া-মহল্লাতে ছোট্ট ফলকে বুড়া-কিশোর-তরুণ-যুবার নাম লেখা, লেখা যে এরা দেশের জন্য জীবন দিয়েছেন। এখন আমরা তো করলাম না। যে বাড়ীতে শহীদুল্লাহ কায়সার শহীদ হলেন, সেখানে যাও একটা ছোটো ফলকে লিখে রাখো যে, শহীদুল্লাহ কায়সার বাংলাদেশের জন্যে জীবন দিয়েছেন, উনি এইখানে থাকতেন, এখানেই শহীদ হন। শিল্পী বলছিলেন বাংলাদেশে তো এইভাবে মুক্তিযুদ্ধকে ধরে রাখা যেতো। শিশু-কিশোর-কিশোরীরা পথ দিয়ে হাঁটবে ঘুরবে এইটা দেখবে, জানতে চাইবে এইটা কী? ইতিহাসটা জানবে, শুধু বইয়ে না, রাস্তায় শহরের দালানকোঠার মধ্য দিয়েও। মূর্তজা বশীর: শোনো। ওই যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমি গেছিলাম খোকার কাছে, মেয়র খোকা। আরে শহীদুল্লাহ সাহেবের (তার পিতা ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ) নামে রাস্তা করছে- দোয়েল চত্বর থেকে চানখাঁরপুলে দিকে। আমি বললাম এখানে হোল্ডিং কই? ওাস্তার নাম লিখতে হলে তো বাড়ীঘর লাগবে? এখানো তো কিছু নাই। নামটা লিখবা কই? তো আমি বললাম যান-‘পাবলিক ইউরেনালে’র নাম রাখেন শহীদুল্লাহ! খানিকটা উত্তেজিত হয়েই তিনি বলেন, “এই যে ৬০ বছর হয়ে গেল শহীদ মিনারটাতেই তো আমরা কিছু লিখি নাই। যাও ওইখানে গিয়ে দ্যাখো। ওইখানে যে আসবে দেশি বা বিদেশী কী জানবে সে? কী হইছিল ওইখানে? লেখা আছে দুইটা ভাষায় কোনো কথা?” ভাষাসৈনিক এই শিল্পী বলেন, “ঢাকা শহরে তো ভাষা শহীদদের নামে চারটা রাস্তা করা হয় নাই। ‘একুশে ফেব্রুয়ারি’ নামেই তো একটা রাস্তা করা যেতো। কী সুন্দর হতো!”