ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কারওয়ানবাজারে সড়ক অবরোধ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
নাহার গার্মেন্টসের শ্রমিকরা দাবি আদায়ে বুধবার সকাল সোয়া ৯টার দিকে তারা রাস্তায় নেমে এলে কারওয়ানবাজার-ফার্মগেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় পনেরো মিনিট পর তাদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন ছাড়াও তাদের উৎসব ভাতা (ঈদ বোনাস) দেয়া হয়নি বলে অভিযোগ করেন ওই গার্মেন্টসের শ্রমিক বিলকিস।
বকেয়া বেতন ও উৎসব ভাতা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনরত আরেক শ্রমিক মজিব।
এ বিষয়ে সকাল ১০টার দিকে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম বলেন, শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে। তবে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।
“শ্রমিকদের বেতন ও বোনাস দেয়া নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন গার্মেন্টসের মালিকপক্ষের সঙ্গে বৈঠক করছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/এসইউ/১০০৩ ঘ.
bdnews24