নাসিরুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী বিজয়া দশমীর এই দিনে মর্ত্য ছেড়ে কৈলাসে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। এখন চলছে দেবীকে বিদায় জানানোর পর্ব।
ঢাকা মহানগর সার্বজনিন পূজা কমিটির প্রধান পুরহিত রনজিৎ চক্রবর্তী জানান, ঢাকেশ্বরী মন্দিরে বুধবার সকালে দশমীর বিহিত পূজা শেষ হয়। মূলত দর্পন বিসর্জনের মাধ্যমে ওই সময়ই দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়।
এরপর বিকাল ৪টায় বুড়িগঙ্গায় বিসর্জনের জন্য বিভিন্ন মণ্ডপ থেকে দেবী প্রতীমা নিয়ে শুরু হয় শোভাযাত্রা।
রাজধানীতে বরাবরের মতোই ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে বিকেল ৪টায় বিজয়া শোভাযাত্রা শুরু হয় । এছাড়া গুলশান সর্বজনীন পূজা কমিটির আরেকটি শোভাযাত্রা শুরু হয় বিকাল ৩টায় বনানী পূজামণ্ডপ থেকে। গুলশান ২ নম্বর, ১ নম্বর, মহাখালী, বিমানবন্দর ও উত্তরা দিয়ে আশুলিয়া গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা।
মঙ্গলবার মহানবমীতে ঢাকার দুই শতাধিকসহ সারা দেশের ২৮ হাজার পূজামণ্ডপে নামে লাখো মানুষের ঢল। ভক্ত, পূজারি ও দর্শনার্থীরা মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেন, মেতে ওঠেন উৎসবের আনন্দে।
হিন্দু শাস্ত্র মতে, দশভূজা দেবী দুর্গা শান্তি প্রতিষ্ঠার লক্ষে প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্তলোকে আসেন। সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী, সরস্বতী আর দুই ছেলে গণেশ ও কার্তিক।
হিন্দু পঞ্জিকা মতে, এবার দেবী এসেছেন গজে (হাতি) চড়ে, যাবেন দোলায় (নৌকায়)।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী হাতিতে এলে পৃথিবী সুজলা-শ্যামলা হয়। তবে দোলায় যাওয়া প্রাকৃতিক দুর্যোগের বার্তা দেয়।
ঢাকা রামকৃষ্ণ মিশন মঠের পুরোহিত অমল মহারাজ বলেন, “মানুষের মনের আসুরিক প্রবৃত্তি যেমন কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মুলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।"
মহানগর পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিসর্জনের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনিকে প্রস্তুত রাখা হয়েছে। পলাশী ও ঢাকেশ্বরী এলাকার সড়কে যান চলাচলও সীমিত করা হয়েছে।
বিজয়া দশমী উপলক্ষে বুধবার সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ টেলিভিশন চ্যানেলগুলো এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা ও নিবন্ধ। শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০৯৫০ ঘ.
bdnews24