২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলার মানুষে আচ্ছন্ন ছিলেন তিনি’

সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর প্রতিক্রিয়ায় বাংলাদেশের মানুষের প্রতি তার মমত্ববোধের কথাই সবার আগে বললেন তার দুই বন্ধু সৈয়দ শামসুল হক ও বেলাল চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 06:45 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর প্রতিক্রিয়ায় বাংলাদেশের মানুষের প্রতি তার মমত্ববোধের কথাই সবার আগে বললেন তার দুই বন্ধু সৈয়দ শামসুল হক ও বেলাল চৌধুরী। বাংলাদেশের সঙ্কটের মুহূর্তে এই মাটিতে জন্ম নেয়া সুনীলের এগিয়ে আসার কথাও বললেন দুই লেখক। কবি-কথাশিল্পী সুনীল মঙ্গলবার প্রথম প্রহরে কলকাতার বাড়িতে মারা যান। তার মৃত্যু মুহ্যমান করে এদেশের সাহিত্যানুরাগীদেরও। কবি বেলাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভৌগলিক কারণে একটা শারীরিক দূরত্বে থাকলেও বাংলাদেশ, বাংলা সাহিত্য আর বাংলার মানুষ সুনীলের হৃদয় আচ্ছন্ন করে রাখত। উনি বিশ্বাস করতেন, একদিন বাংলা সাহিত্যের রাজধানী হবে ঢাকা।” সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, “বাংলাদেশের সঙ্গে সুনীলের নাড়ির যোগ আর বাংলাদেশ, বাংলা সাহিত্য সম্পর্কে তার মননশীল বিশ্লেষণ তাকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুতে পরিণত করেছিল।” মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সঙ্কটের মুহূর্তে এ দেশের মানুষের পাশে সুনীলের দাঁড়ানোর কথা তুলে ধরেন বেলাল চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে সুনীলের কলম ধরা এবং আমেরিকান কবি অ্যালেন্স গিন্সবার্গের সঙ্গী হয়ে মুক্তাঞ্চলে যাওয়ার প্রসঙ্গটিও টেনে আনেন বেলাল। “বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার ঘটনা তাকে খুব স্পর্শ করেছিল। পরে বঙ্গবন্ধু এবং রাসেলকে নিয়ে তিনি কবিতাও লেখেন। এমনকি আশির দশকে স্বৈরাচার পতন আন্দোলনেও এখানকার কবিদের আমন্ত্রণে জাতীয় কবিতা উৎসবে যোগ দিতে এলেন তিনি।” বঙ্গাব্দ ১৪০০ কে সামনে রেখে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার ব্যক্তিগত আমন্ত্রণে সুনীলের ঢাকায় আসার কথাও মনে পরে বেলাল চৌধুরীর। “শেখ হাসিনাও সুনীলের একজন গুণগ্রাহী। তিনি সেবার সুনীলকে নিজ হাতে রান্না করে খাইয়েছিলেন। পরে দেশে ফিরে সুনীল কলকাতার একটা কাগজে ছাপা হওয়া লেখায় শেখ হাসিনাকে বিশ্বের ১০ জন সাহসী নেতৃত্বদানকারীদের একজন হিসাবে আখ্যায়িত করেন। তিস্তার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার জন্যও তিনি অনেকবার বলেছেন।” বাংলাদেশের তরুণ লেখক-কবিরা কলকাতায় সুনীলের যে পৃষ্ঠপোষকতা পেত, তা মনে করিয়ে দেন বেলাল। সৈয়দ হক বলেন, “তিনি নবীন লেখক-কবিদের ধাত্রিত্ব করেছেন।” বাংলাদেশে সুনীলের জন্মভিটা মাদারীপুরের পূর্ব মাইজপাড়ার একটি কাঠের সেতু মেরামতের জন্য সরকারের প্রতি সুপারিশ রাখেন বেলাল। “সুনীলের জন্মভিটা হওয়ায় ওখানে অনেকে যায়। ব্রিজটা মেরামত করা জরুরি। ওখানকার বীরমোহন হাইস্কুলে সুনীল এক বছর পড়েছে। ওই স্কুলেও সুনীলের স্মরণে কিছু করা যেতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/০০৩৭ ঘ.