গাজীপুর, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সংক্রমণের কারণে গাজীপুরের কাপাসিয়ায় একটি খামারের ৪ হাজার মুরগি নিধন করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে কাপাসিয়ার পাবুর এলাকায় ব্রাদার্স পোল্ট্রি ফার্মের মুরগিগুলো মাটিচাপা দেয়া হয়। এ সময় প্রায় ১ হাজার ডিমও ধ্বংস করা হয়।
গাজীপুর সদর উপজেলার ভ্যাটেরিনারি সার্জন লুৎফর রহমান সাংবাদিকদের জানান, গত কয়েক দিন ধরেই আলী আকবরের ওই খামারে মুরগি মারা যাচ্ছিল। মঙ্গলবার সকালে মৃত মুরগির নমুনা ঢাকার কেন্দ্রীয় পশু রোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্রে পাঠানো হলে বার্ড ফ্লুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
রাত সাড়ে ৯টায় ৩ হাজার ৯৯৭টি মুরগি এবং ৯৮০টি ডিম মাটি চাপা দেয়া হয় বলে জানান ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০১৬ ঘ.
bdnews24