সাভার, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেয়া এবং হামলার অভিযোগে সাভারে হল-মার্ক গ্রুপের ৬ হাজার কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সর্দার মামলাটি করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে।
ঋণ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর সাভারে হেমায়েতপুরের নন্দখালী এলাকার হল-মার্ক গ্রুপের তৈরি পোশাক কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরেই চলতি মাসের বেতন, ঈদ বোনাস এবং বকেয়া মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শ্রমিকরা সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। এর মধ্যে এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তের ‘স্বার্থে’ গ্রেপ্তারকৃত শ্রমিক ও মামলার আসামিদের নাম জানাতে চাননি তিনি।
শিল্প পুলিশও এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান সাভার থানার পরিদর্শক আমিনুল।
তিনি আরো জানান, হল-মার্কের কারখানা থেকে বিভিন্ন যন্ত্রাংশ রাতে চুরি হচ্ছে বলে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ থানায় জানালে সেখানে পুলিশকে পাহারা বসানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০০০ ঘ.
bdnews24