ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি পর্যায়ে মালয়শিয়ায় কর্মী পাঠানোর জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মন্ত্রিসভার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা।
মন্ত্রিসভায় অনুমোদনের একদিন পর মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ সভাপতি শাহজালাল মজুমদার এক বিবৃতিতে সংগঠনের পক্ষে তাদের অসন্তোষের কথা জানান।
তিনি বলেন, “বায়রাকে পাশ কাটিয়ে মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানির সিদ্ধান্ত নেয়ায় সংগঠনের সদস্যদের ভাবমূর্তি নষ্টসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ক্ষুন্ন হয়েছে।”
নিয়োগকারী সংস্থা ও বাংলাদেশ সরকার বিমান ভাড়া ও লেভি দেওয়া নিশ্চিত করলে বায়রা ২০ হাজার টাকায় দেশটিতে কর্মী পাঠাতে পারবে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রিসভার বৈঠকে মালয়শিয়ায় কর্মী পাঠাতে সর্বোচ্চ ৪০ হাজার টাকা ব্যয় হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
বায়রা ২০ হাজার টাকার কথা বললেও বর্তমানে মালয়শিয়ায় কর্মী পাঠাতে এজেন্সিগুলো এর চেয়ে অনেক বেশি টাকা আদায় করে। সার্ভিস চার্জ, লেভি এবং ভিসা কেনার জন্যই তাদের ব্যয় হয় বলে বায়রা দাবি করছে।
শাহজালাল বলেন, “১ হাজার ২০০ রিক্রুটিং লাইসেন্সধারী প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে সরকারি পর্যায়ে জনশক্তি পাঠানো আদৌ উচিত হবে না। বায়রার সদস্যদের এড়িয়ে সমঝোতা স্মারক বা চুক্তি হলে বায়রা গণতান্ত্রিক পন্থায় আন্দোলনের কর্মসূচি নেয়া এবং জনশক্তি রপ্তানির প্রক্রিয়া থেকে বিরত থাকবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২৩১৬ ঘ.
bdnews24