বেনাপোল, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সুপারি রপ্তানি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে গত ১৬ অক্টোবর এক পরিপত্রে এই নির্দেশ দেয়া হয়।
সেটি হাতে পাওয়ার পরই সুপারি রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার আকবর হোসেন।
এর ফলে রপ্তানির অপেক্ষায় থাকা সুপারিবাহী শতাধিক ট্রাক বেনাপোল স্থল বন্দরে আটকা পড়েছে।
রপ্তানিকারকরা সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করছেন।
গত ৯ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকে সুপারি রপ্তানি নিয়ে আলোচনা হয়। সুপারি রপ্তানির মাধ্যমে মানি লন্ডারিং হয় বলে অভিযোগ করে কমিটি। এর পরই মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয় বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
সুপারি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপক নওসের উদ্দিন বলেন, “আমরা বিদেশ থেকে ৫০০ মার্কিন ডলারে সুপারি আমদানি করে তা ৭০০ থেকে ৭৫০ মার্কিন ডলারে ভারতে রপ্তানি করি।”
একটি ‘মহল’ বাণিজ্য মন্ত্রনালয়কে ভুল ব্যাখা দিয়ে সুপারি রপ্তানিকে বাধাগ্রস্ত করছে। এর ফলে সরকার কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে বলে মনে করেন এই ব্যবসায়ী।
বাংলাদেশে সাধারণত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, বার্মা থেকে সুপারি আমদানি করা হয়ে থেকে। পরে তা প্রক্রিয়াজাত করে ভারত, ভিয়েতনাম, ব্রিটেন ও সৌদি আরবে রপ্তানি করা হয় বলে জানান ব্যবসায়ীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০০ঘ.
bdnews24