২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ মঙ্গলবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 04:33 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ মঙ্গলবার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাত সাড়ে ৮টা থেকে পৌনে এক ঘন্টা ধরে চলে এই সাক্ষাৎ । সাক্ষাত শেষে এক সংবাদ ব্রিফিঙে দলের সহসভাপতি শমসের মবিন চৌধুরী জানান, বিরোধী দলীয় নেতার আসন্ন ভারত সফর উপলক্ষে সেদেশের হাইকমিশনার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আরো বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। তাই বিরোধী দলীয় নেতার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরকালে ভারতের সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে পানি বন্টন, সীমান্তে হত্যা, ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে খালেদা জিয়ার আলোচনা হবে। ভারত সরকারের আমন্ত্রণে সাত দিনের সফরে বিএনপি চেয়ারপারসন আগামী ২৮ অক্টোবর নয়া দিল্লি যাচ্ছেন। তিনি ৯ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে থাকছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাবেক সাংসদ খালেদা রাব্বানী, খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান। এছাড়া প্রতিনিধি দলে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ ও আলোকচিত্রী নুরু উদ্দিন আহমেদও থাকবেন। খালেদার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের সময় চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও সহসভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২৬ ঘ.