২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের সঙ্গে ৪৬ কোটি ডলারের ঋণচুক্তি

সড়ক, নৌপথ সংস্কার ও পল্লী এলাকায় বিদ্যুতের আওতা বাড়াতে দুটি প্রকল্পে ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংকের সঙ্গে ‘বিনা সুদে’ ঋণচুক্তি সই করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক, নৌপথ সংস্কার ও পল্লী এলাকায় বিদ্যুতের আওতা বাড়াতে দুটি প্রকল্পে ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংকের সঙ্গে ‘বিনা সুদে’ ঋণচুক্তি সই করেছে সরকার। মঙ্গলবার সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ ও বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন চুক্তিগুলোতে সই করেন। প্রকল্পদুটো হলো- ৩০ কোটি ২০ লাখ ডলারের দ্বিতীয় পল্লী পরিবহন উন্নয়ন প্রকল্প (আরটিআইপি দ্বিতীয়) ও ১৫ কোটি ৫০ লাখ ডলারের দ্বিতীয় পল্লী বিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন প্রকল্প (আরইআরইডি দ্বিতীয়)। বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) এই বিনা সুদে ঋণ ৪০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। আগামী ১০ বছর কোনো কিস্তি দিতে হবে না এবং ছাড় করা ঋণের জন্য শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। পল্লী পরিবহন উন্নয়ন প্রকল্পের আওতায় ২৬টি জেলার ইউনিয়ন পরিষদ ও উপজেলার পাঁচ হাজার ২৫০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। প্রকল্পের মাধ্যমে সড়ক ও নৌপথের কাছে বসবাসকারী প্রায় ২২০ লাখ মানুষের পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণ করা হবে। অন্য প্রকল্পের আওতায় দূরবর্তী গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য সাড়ে পাঁচ লাখ সোলার হোম সিস্টেম স্থাপন করা হবে, যেগুলো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে। এতে দেশের প্রায় ২৫ লাখ মানুষ বিদ্যুৎ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এএল/২১৫৪ ঘ.