২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর নেয়া হচ্ছে না খান সারওয়ার মুরশিদকে

অবস্থার অবনতি হওয়ায় গুরুতর অসুস্থ শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবস্থার অবনতি হওয়ায় গুরুতর অসুস্থ শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ৮৮ বছর বয়সী এই শিক্ষাবিদ এক মাসে পর পর দুবার স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১৮ অক্টোবর থেকে অ্যাপোলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা বলছেন, তার মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। অধ্যাপক মুরশিদের পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিতে চাইলেও চিকিৎসকরা বলছেন, এই অবস্থায় তাকে স্থানান্তর সম্ভব নয়। মঙ্গলবার তার ছেলে কে এ এস মুরশিদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি নড়াচড়ার অবস্থায় নেই। আজ (মঙ্গলবার) তার অবস্থার অবনতি হয়েছে।” চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, “চিকিৎসকরা আমাদের বলেছেন তার ফুসফুসে পানি জমেছে, যা ভাল লক্ষণ নয়। একারণে তার নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ হতে পারে।” এর আগে খান সারওয়ার মুরশিদকে সিঙ্গাপুর নেয়ার বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেয়ার কথা জানায় তার পরিবার। কে এ এস মুরশিদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতাল (মাউন্ট এলিজাবেথ হাসপাতাল) কর্তৃপক্ষ আমাদের বলেছে, তাকে আনতে পারেন। তবে তার আরোগ্য লাভ করার সম্ভাবনা খুব কম।” খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন কবি শামসুর রাহমান, আব্দুল মান্নান সৈয়দ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ। ২০১০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি। খান সারওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান। বর্তমানে এর ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/২১৫০ ঘ.