২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক চেয়ারম্যানের এক কথা, ভিন্ন কথা আইনজীবীর

বিশ্ব ব্যাংক কর্মকর্তাদের ‘জিজ্ঞাসাবাদ’ এবং তথ্য পাঠানোর বিষয়ে দুদক চেয়ারম্যান ও আইনজীবী আনিসুল হকের পরস্পরবিরোধী বক্তব্য এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2012, 10:01 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্ব ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে ‘জিজ্ঞাসাবাদের’ জন্য সংস্থাটিকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আনিসুল হক। তবে কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের বক্তব্য আইনজীবীর কথার বিপরীত। তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদ নয়, আলোচনার অনুরোধ জানানো হয়েছে। আনিসুল হক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে দুদক স্বপ্রণোদিতভাবেই অনুসন্ধান শুরু করে। তারপর বিশ্ব ব্যাংকও নালিশ জানায়। তাই দুদকের কাছে বিশ্ব ব্যাংক একটি নালিশি প্রতিষ্ঠান। “অনুসন্ধানের স্বার্থে বিশ্ব ব্যাংকের কিছু কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিশ্ব ব্যাংককে এ ব্যাপারে ‘অনুরোধ’ জানানো হয়েছে।” আইনজীবীর এই বক্তব্যের পর বিকালে গোলাম রহমান সাংবাদিকদের বলেন, “বিশ্ব ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে, জিজ্ঞাসাবাদ নয়।” “ বিশ্ব ব্যাংক কোনো নালিশি প্রতিষ্ঠান নয়। পদ্মা সেতুতে দুর্নীতি সংশ্লিষ্ট যে সব তথ্য তারা দিয়েছিল, সেই বিষয়ে আলোচনার জন্যই তাদের অনুরোধ জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের প্রশ্নই আসে না।” দুর্নীতির অভিযোগ তুলে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিল করলেও পরে সরকারের নানামুখী তৎপরতায় সিদ্ধান্ত বদলায়। তবে ‘দুর্নীতির’ তদন্ত পর্যবেক্ষণে একটি প্যানেল গঠন করেছে বহুজাতিক এই ঋণদাতা সংস্থাটি, যার সদস্যরা এক দফা ঢাকা ঘুরে গেছেন। এই প্যানেলের প্রতিবেদনের ওপরই অর্থায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আনিসুল হক বলেন, “পদ্মা সেতু দুর্নীতির বিষয়ে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তাদের কাজের স্বার্থেই কানাডায় একই বিষয়ে অভিযোগের বর্তমান অবস্থা জানা জরুরি।” “আমরা এখনো ওই বিষয়ে কিছু জানতে পারিনি। আমরা আশা করছি, বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা এ বিষয়ে আমাদের সহযোগিতা করতে পারবেন।” পদ্মা প্রকল্পের পরামর্শক হিসাবে প্রাকযোগ্য প্রতিষ্ঠানের তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের দুই কর্মকর্তাকে গত বছর গ্রেপ্তার করে সে দেশের পুলিশ। প্রকল্পের কাজ পাইয়ে দিতে ঘুষ সাধার অভিযোগে তাদের গ্রেপ্তারের পরই বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তোলে। কানাডার আদালতে বর্তমানে এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিচার চলছে। বিশ্ব ব্যাংক প্যানেল তদন্তের বিষয়ে কিছু তথ্য দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে নিয়েছে এবং আরো কিছু তথ্য চেয়েছে। যেসব নথিপত্র চাওয়া হয়েছে, তা মঙ্গলবার অথবা বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের কাছে পাঠানো হবে বলে আনিসুল হক জানান। তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ দলের কাছে কাগজপত্র জমা দেয়ার জন্য আমরা কিছুটা সময় চেয়েছিলাম। যেসব কাগজপত্র প্রস্তুত হয়েছে। যত দ্রুত সম্ভব এগুলো পাঠানো হবে।” অন্যদিকে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বিকালে বলেন, “বিশ্ব ব্যাংক প্যানেল অব এক্সপার্ট যে সব তথ্য চেয়েছিল, তা পাঠানো হয়েছে।” দুদক কমিশনার এম সাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, এ পর্যন্ত অনুসন্ধানের সঙ্গে সংশ্লিষ্ট ২০টি এনক্লোজার অ্যাটাচমেন্টসহ যাবতীয় তথ্য বিশ্ব ব্যাংককে দেয়া হয়েছে। হঠাৎ দুদকে মোশাররফ দুর্নীতির অভিযোগের মুখে সেতু বিভাগের সচিবের দায়িত্ব হারানো মোশাররফ হোসেন ভূইঞা মঙ্গলবার বিকালে আকস্মিকভাবেই সেগুন বাগিচায় কমিশন সদর দপ্তরে যান। তিনি সাংবাদিকদের বলেছেন, এসএনসি লাভালিনের বিষয়ে কিছু তথ্য দেওয়ারই তার যাওয়ার কারণ। তবে গোলাম রহমান বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে নয়, ‘ব্যক্তিগত’ কাজে এসেছিলেন এই সচিব। “সেতু সচিবের বক্তব্য সঠিক নয়। তিনি ব্যক্তিগত কাজে এসেছিলেন। পদ্মা সেতু সংশ্লিষ্ট কোনো কথা তার সঙ্গে আমাদের হয়নি।” পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরাতে প্রথমে সেতু বিভাগ থেকে সরানো হয় মোশাররফকে, পরে তাকে ছুটিতে পাঠানো হয়। মোশাররফ বলেন, “আমি চাই তদন্ত দ্রুত শেষ হোক, একটা এসপার-ওসপার হোক, আমিও অশান্তি মুক্ত হই।” নিজেকে ‘ষড়যন্ত্রের’ শিকার হিসেবে তুলে ধরে তিনি বলেন, “রমেশের (গ্রেপ্তার লাভালিন কর্মকর্তা) সঙ্গে আমার কথাই হয়নি। আমি কথা বলেছিলাম তার সিনিয়র কেভিন ওয়ালেসের সাথে। তাকে স্পষ্ট বলেছিলাম, পরামর্শক কোম্পানি হিসেবে যথেষ্ট যোগ্যতার অভাব রয়েছে তাদের।” “আমাদের আইনে শুধু অভিযোগ করলেই হয় না, প্রমাণও উপস্থাপন করতে হয়। বিশ্ব ব্যাংক যদি মনে করে থাকে এখানে দুর্নীতি হয়েছে, তাহলে প্রমাণ উপস্থাপন করুক,” বলেন সরকারি এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২২৪৮ ঘ.