চট্টগ্রাম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাটে একটি বাড়িতে এক পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খতিবের হাট এলাকায় ‘মা মনি ভিলা’ নামে পাঁচ তলা একটি ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নিহতরা হলেন- ডলি (৩০), তার ছেলে আলভী (১০) ও মেয়ে পায়েল (৬)। ডলির স্বামী আনোয়ার হোসেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মঞ্জুর মোর্শেদ সাংবাদিকদের বলেন, তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ফ্ল্যাটের একটি কক্ষে ডলির লাশ পাওয়া যায়। শিশু দুটির লাশ ছিল ভিন্ন কক্ষে।
ঘটনাস্থল খতিয়ে দেখে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, “এখানে ডাকাতির কোনো আলামত আমরা পাইনি।”
মা ও সন্তানদের একই স্থানে আঘাতের ধরণ দেখে হত্যাকারী একজন বলে সন্দেহ করছেন তিনি। তিনি বলেন, সন্ধ্যার পর এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ। সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে তদন্ত চালিয়েছে।
ডলির বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়, তার স্বামীর বাড়িও একই উপজেলায় ভিন্ন গ্রামে। চট্টগ্রাম নগরীর ওই বাড়িতে তিনি সন্তানদের নিয়ে থাকতেন।
খুনের খবর পেয়ে ডলির ছোট ভাই রবিউল হোসেন লাভলু ওই বাড়িতে আসেন। পরিবারে কিংবা অন্য কারো সঙ্গে ডলির কোনো বিরোধ ছিল কি না- জানতে চাই তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ‘না’ সূচক উত্তর দেন।
লাভলু জানান, ডলির দুই সন্তানকে একজন শিক্ষক পড়ান এবং তিনি বিকালে আসেন।
তবে ওই শিক্ষকের নাম-পরিচয় কিছু তিনি জানাতে পারেননি।
পুলিশ ওই ফ্ল্যাটের দারোয়ানসহ বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছে, তবে কাউকে আটক করা হয়নি। ন
তবে ওই ভবনের কেউ সাংবাদিকদের কাছে এই হত্যাকাণ্ডের বিষয়ে মুখ খোলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এমআই/২৩৩৬ ঘ.
bdnews24