২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খান সারওয়ার মুরশিদকে সিংগাপুর নেয়ার সিদ্ধান্ত মঙ্গলবার

অবস্থার উন্নতি না হওয়ায় লাইফ সাপোর্টে থাকা শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদকে সিংগাপুর নেয়ার বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেবে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 07:11 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবস্থার উন্নতি না হওয়ায় লাইফ সাপোর্টে থাকা শিক্ষাবিদ অধ্যাপক খান সারওয়ার মুরশিদকে সিংগাপুর নেয়ার বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেবে তার পরিবার। সোমবার তার ছেলে কে এ এস মুরশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতাল (মাউন্ট এলিজাবেথ হাসপাতাল) কর্তৃপক্ষ আমাদের বলেছে, তাকে আনতে পারেন। তবে তার আরোগ্য লাভ করার সম্ভাবনা খুব কম।” তার চিকিৎসা সংক্রান্ত সব প্রতিবেদন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “আরো কিছু প্রতিবেদন এখনো আমাদের হাতে আসেনি। সেগুলো পেলে আগামীকাল (মঙ্গলবার) আমরা সিদ্ধান্ত নেব।” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ৮৮ বছর বয়সী এই শিক্ষাবিদ পর পর দুবার স্ট্রোকে আক্রান্ত হয়ে গত ১৮ অক্টোবর থেকে অ্যাপোলে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পরিচালক কে এ এস মুরশিদ বলেন, “তার অবস্থার কোনো উন্নতি হয়নি।” এর আগে রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন যে, তার বাবার অবস্থার উন্নতির কোনো আশা দিতে পারেননি দেশের চিকিৎসকরা। খান সারওয়ার মুরশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়িয়েছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেন কবি শামসুর রাহমান, আব্দুল মান্নান সৈয়দ, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী প্রমুখ। ২০১০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান তিনি। খান সারওয়ার মুরশিদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান। বর্তমানে এর ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/০১০৬ ঘ.