২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় বন্ধ হয়ে ঘাটটি সচল হয়েছে

মাওয়ায় পন্টুন বসানোর জন্য বন্ধ থাকা লঞ্চঘাটের পাশের নতুন টার্মিনাল ফেরিঘাটটি পাঁচ ঘণ্টা পর সচল হওয়ায় এখন দুটি ফেরিঘাট দিয়ে যানবাহন চলাচল করতে পারছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 06:09 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়ায় পন্টুন বসানোর জন্য বন্ধ থাকা লঞ্চঘাটের পাশের নতুন টার্মিনাল ফেরিঘাটটি পাঁচ ঘণ্টা পর সচল হওয়ায় এখন দুটি ফেরিঘাট দিয়ে যানবাহন চলাচল করতে পারছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় নতুন টার্মিনাল ফেরিঘাটটি সাময়িক বন্ধ করে দেয়ার পর শুধু ঋষিবাড়ী ফেরিঘাট দিয়েই যানচলাচল করছিল বিকাল পর্যন্ত। ফলে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে যাতায়াতকারীদের ভোগান্তিতে পড়তে হয়। মাওয়ার তিন নম্বর পুরাতন ফেরিঘাটে ফাটল দেখা দেয়ায় রোববার রাতেই এটিকে পরিত্যক্ত ঘোষণা করে বিআইডব্লিউটিএ। পুরাতন ফেরিঘাটের পন্টুনটি এনে সকালে স্থাপন করা হয় লঞ্চঘাটের পাশে। এটির নাম দেয়া হয় টার্মিনাল ফেরিঘাট। কর্তৃপক্ষ বলছে, এটিই হবে মাওয়ার প্রধান ফেরিঘাট। সকাল ৯টায় এ ফেরিঘাটটি চালুর দুঘণ্টা পরেই প্রথমবার বন্ধ করে দেয়া হয় পন্টুন বাসানোর জন্য। তখন একমাত্র ঋষিবাড়ী নতুন ফেরিঘাট দিয়েই যানবাহন পারাপার হয়। তবে এ ঘাট দিয়ে শুধু হালকা যান পারাপার হচ্ছিল। দুই ঘণ্টা পর নতুন টার্মিনাল ঘাটটি চালু করলেও দুপুর সাড়ে ১২টায় আবার সাময়িক বন্ধ করে দেয়া হয়। পরে বিকালে এ ঘাটটি আবার চালু করলে যানবাহনের চাপ কিছুটা কমে আসতে থাকে। বিআইডব্লিউটিএর সহাকারী পরিচালক এসএম আজগর আলী জানান, ঋষিবাড়ি ফেরিঘাটের সংযোগ সড়ক খুবই অপ্রশস্ত হওয়ায় এ ঘাট দিয়ে শুধু হালকা যান পারাপার করা যাচ্ছিল। প্রাইভেটকার, মাইক্রোবাস ও জিপ ছাড়া অন্য কোনো ভারী যানবাহন চলাচল করতে দেয়া হয়নি। এতে মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে সৃষ্টি হয় ব্যাপক যানজট। পারাপারের অপেক্ষায় থাকা বাস ও ট্রাকের সংখ্যা ক্রমশ বাড়ছিল। কিন্তু বিকালে টার্মিনাল ঘাটটি পুনরায় চালু করায় যানজট কিছুটা কমে আসতে শুরু করেছে জানান আজগর আলী। গত ৯ ও ১৪ অক্টোবর মাওয়ার পরপর দুটি ফেরিঘাট পদ্মায় বিলীন হয়ে গেলে কেবল তিন নম্বর ফেরিঘাট দিয়ে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে যানবাহন পারাপার করা হয় গত এক সপ্তাহে। এতে যাত্রীদের ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয়, চাপ পড়ে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। এই পরিস্থিতিতে নৌমন্ত্রী শাজাহান খানের ঘোষণা অনুযায়ী মাওয়ার চৌরাস্তামুখী সড়কের কাছে, ঋষিবাড়ীর কাছে এবং ভাগ্যকূল সড়কমুখী কান্দিপাড়ায় নতুন তিনটি ফেরিঘাট নির্মাণের কথা জানায় কর্তৃপক্ষ। এখনো ভাগ্যকূল সড়কমুখী কান্দিপাড়ায় নতুন ফেরিঘাটটি নির্মাণের কাজ শুরু হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২৩৫৬ ঘ.