নরসিংদী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন এক বিএনপি নেতা।
সোমবার রাতে খুন হওয়া হানিফ মিয়া (৪০) উপজেলার বাখরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুরা বাজারে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
রায়পুরা থানার ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, হানিফ বিএনপি নেতা মনির হত্যাসহ একাধিক খুনের মামলার আসামি।
হানিফ নিহত হওয়ার পর তার সমর্থকরা প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে বলে স্থানীয়রা জানায়।
তারা জানান, লোচনপুরা বাজারে চাঁদা ওঠানোকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ৭টায় হানিফের সঙ্গে বিএনপি সমর্থক সামসুর কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে হানিফকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
ময়না তদন্তের জন্য হানিফের সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৩১ ঘ.
bdnews24