ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতের জনশক্তি রপ্তানিকারকদের আপত্তির মুখেই সরকারি পর্যায়ে (জিটুজি) মালয়শিয়ায় রপ্তানি করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।
এ বিষয়ে মালয়শিয়া ও বাংলাদেশ যে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবে তার শর্তাবলী সোমবার মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানিয়েছেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ নভেম্বর এই স্মারকে সই করবেন দুই দেশের প্রতিনিধিরা।
এ চুক্তির আওতায় মালয়শিয়া যেতে খরচ পড়বে ৪০ হাজার টাকা। বাংলাদেশের কর্মীরা কাজ করবেন কৃষি, নির্মাণ, বাগানমালি এবং গৃহস্থালী খাতে। মজুরি হবে ৯০০ মালয়শীয় রিংগিত (২৫ হাজার বাংলাদেশি টাকা)।
দৈনিক আটঘণ্টা হিসাবে সপ্তাহে ছয়দিন তাদের কাজ করতে হবে বলে জানান সচিব।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সমঝোতা স্মারকের খসড়াটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করেন।
এই স্মারক স্বাক্ষরিত হলে মালয়শিয়া পাঁচ বছরে বাংলাদেশ থেকে সরকারি পর্যায়ে পাঁচ লাখ কর্মী নেবে। এর আওতায় প্রতি ছয় মাসে ৫০ হাজার করে বাংলাদেশি মালয়শিয়া যাওয়ার সুযোগ পাবেন।
আপাতত এই চুক্তির মেয়াদ পাঁচ বছর ধরা হলেও উভয় দেশের সম্মতিতে তা বাড়ানো যাবে।
শর্ত অনুযায়ী, বাংলাদেশ সরকার কর্মীদের একটি তথ্যভাণ্ডার (ডাটাবেইজ) গড়ে তুলবে। এ তথ্যভাণ্ডার থেকে কর্মী বাছাই করে তাদের যথাযথ প্রশিক্ষণ এবং মালয়শিয়ায় পাঠানোর ব্যবস্থা করবে সরকার।
সরকারের পক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এ দায়িত্ব পালন করবে। তাদের ভিসা সংগ্রহ এবং প্রক্রিয়াও করবে তারা। মালয়শিয়ার চাকরিদাতারা এসব কর্মীকে নিজেদের ভাড়ায় নিয়ে যাবে। বিমানবন্দরে চাকরিদাতাদের প্রতিনিধিরাই তাদের গ্রহণ করবেন।
এছাড়া উভয় দেশের সরকারি পর্যায়ে কর্মী পাঠানো ও নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের জটিলতাগুলো দূর করতে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি ‘যৌথ-কার্যকরি গ্রুপ’ থাকবে।
এতে বলা হয়, এই সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা দুই বছরের চুক্তিতে মালয়েশিয়ায় কাজ পাবেন। পরে তারা দুই পর্যায়ে আরো দুই বছর এবং এক বছর চাকরির মেয়াদ বাড়াতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২১৫৫ ঘ.
bdnews24