ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুরঞ্জিত সেনগুপ্তের সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনায় আলোচিত গাড়িচালক আজম খানের সাক্ষ্য যে কোনো স্থানে নেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
রেলের অর্থ কেলেঙ্কারির অভিযোগের সাক্ষী হিসেবে ‘নিখোঁজ’ আজম খানকে রোববার দুর্নীতি দমন কমিশনে হাজির হত বলা হয়েছিল।
কিন্তু তিনি হাজির না হওয়ায় সোমবার দুদক চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, সাক্ষ্য দিতে তার কমিশনে আসার কোনো বাধ্যবাধকতা আরোপ করা হচ্ছে না।
“তার (আজমের) সুবিধা অনুযায়ী যে কোনো জায়গায় তার সাক্ষ্য গ্রহণ করা হবে।”
গত ৯ এপ্রিল অর্থ কেলেঙ্কারির ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকে নিরুদ্দেশ আজম সম্প্রতি আরটিভিতে সাক্ষাৎকার দিয়ে প্রকাশ্য হন। তবে তিনি তার অবস্থান জানাননি, টেলিভিশন কর্তৃপক্ষও কিছু জানায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ধারণা, নিরাপত্তার কারণেই আজম দুদক কার্যালয়ে আসছেন না।”
আজমের নিরাপত্তার বিষয়ে কমিশন সজাগ রয়েছে বলে গোলাম রহমান আগেই বলেছিলেন।
তিনি সোমবারও বলেন, “এই ঘটনার তদন্তে আজমের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তার নিরাপত্তার বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। তাই আমরা এই সিদ্ধান্ত (আজমের ইচ্ছা অনুযায়ী স্থানে সাক্ষ্যগ্রহণ) নিয়েছি।”
আজমকে সাক্ষ্য দিতে গত মে মাসে প্রথমবারের মত চিঠি দিয়েছিল দুদক, কিন্তু তিনি আসেননি। এরপর গত বৃহস্পতিবার দ্বিতীয় চিঠি দেয়া হয়।
গত ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়।
এই ঘটনার জের ধরে চাকরিচ্যুত হন ওমর ফারুক, সাময়িক বরখাস্ত হন পূর্ব রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা শাখার কমান্ডেন্ট এনামুল হক।
ওই ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্ত নিজেও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। তবে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে তাকে রাখা হয়েছে।
অজ্ঞাত স্থান থেকে দেয়া সাক্ষাৎকারে আজম খান বলেন, ধরা পড়া ওই টাকা ছিল রেলের ‘নিয়োগ বাণিজ্যের’ অর্থ এবং তা সুরঞ্জিত সেনগুপ্তের বাড়িতে নেয়া হচ্ছিল।
এই ঘটনার তদন্তে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ২৬টি ক্যাটাগরির ছয়টিতে বিভিন্ন পদে জনবল নিয়োগের ক্ষেত্রে আর্থিক অনিয়মের প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। ইউসুফ আলী মৃধাকে আসামি করে মামলাও হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি জানিয়ে দুদক চেয়ারম্যান বলেছেন, “আজমের সাক্ষ্যে অনেকগুলোর প্রশ্নের জবাব পাওয়া যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/২১৩৮ ঘ.
bdnews24