২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল সড়কে যানজটে ভোগান্তি যাত্রীদের

যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল সড়কে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে পূজা ও ঈদে ঘরমুখো মানুষকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 03:42 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

টাঙ্গাইল/গাজীপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজটের কারণে ঢাকা-টাঙ্গাইল সড়কে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে পূজা ও ঈদে ঘরমুখো মানুষকে। সংশ্লিষ্টরা বলেছেন, সড়কে যাত্রী ও পশুবাহী গাড়ি বিকল হয়ে যাওয়া, যানবাহনের অতিরিক্ত চাপ, মেরামতের জন্য বঙ্গবন্ধু বহুমুখী সেতুর একপাশ দিয়ে যান চলাচল এবং সড়কের যত্রতত্র পশুর হাট বসানোর কারণে বঙ্গবন্ধু বহুমুখী সেতু থেকে গাজীপুরের কালিয়াকৈর পর্যন্ত প্রায় ৬৭ কিলোমিটার সড়কে যানবাহন চলছে খুবই ধীর গতিতে। এ সড়কের নাটিয়াপাড়া, পাকুল্যা, ঘারিন্দা, রাবনা বাইপাসে রোববার রাতে গরু ও পণ্যবাহী কয়েকটি ট্রাক বিকল হয়ে পড়ে। ফলে মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টা আটকে থাকে সব যানবাহন। পুলিশ ভোরে বিকল হওয়া গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয় বলে জানান হাইওয়ে পুলিশের গোড়াই থানার ওসি সানোয়ার হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধ বহুমুখী সেতুর ফাটল মেরামত করা হচ্ছে। এ অবস্থায় দিনে যান চলাচল হয় কেবল একপাশ দিয়ে। ফলে ধীর গতিতে গাড়ি চলাচল করায় এলেঙ্গা পর্যন্ত যানজট তৈরি হয়। ওসি জানান, সোমবার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সেতুর ফাটল মেরামতের কাজ আট দিন বন্ধ রাখার কথা জানিয়েছেন। এছাড়া মহাসড়কের যে সব স্থানে সড়ক ও জনপথ বিভাগ কাজ করছিল তা বন্ধ করে দেয়া হয়েছে। এতে যানজট কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা। টাঙ্গাইলমুখী বাসের যাত্রী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যা ছয়টায় তিনি ঢাকা থেকে বাসে উঠে রাত তিনটার গন্তব্যে পৌঁছেছেন। সাধারণ সময়ে এই পথটুকু পাড়ি দিতে ঘণ্টা তিনেক সময় লাগে। তিনি জানান, মির্জাপুরের দেওহাটায় সড়কের পাশেই বসেছে বিশাল গরুর হাট। শত শত গরুবাহী ট্রাক হাটে ভিড় করছে। সড়কের ওপরেই গাড়ি রাখা হচ্ছে। ফলে মির্জাপুরে প্রতিনিয়ত যানজট লেগে থাকছে। এছাড়া গোড়াই, মির্জাপুর, নাটিয়াপাড়া, পাকুল্যা, সড়ক ও জনপথ মহাসড়কের মেরামত কাজ করায় ত্রিশ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে যানজটে আটকা পরে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ। সিরাজগঞ্জের গরু ব্যবসায়ী আজমত আলী জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতুতে যানজটে পড়ে তার গরুবোঝাই ট্রাক। সকাল সাড়ে ৮টার দিকে রওনা হয়ে তিনি সাড়ে ৫ ঘণ্টা পর গাজীপুরে পৌঁছান। একই ধরনের অভিজ্ঞতার কথা বলেন কুড়িগ্রামের গরু ব্যবসায়ী উমর আলি। টাঙ্গাইলের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানান, উত্তরবঙ্গ থেকে ব্যাপক হারে গরুর ট্রাক ঢাকায় যাচ্ছে। কিছু স্থানে এসব গাড়ি বিকল হয়ে পড়ায় রাস্তা স্বাভাবিক করতে সময় লাগছে। ফলে বাড়ছে যানজট। তিনি জানান, বঙ্গবন্ধু বহুমখী সেতু থেকে গোড়াই পর্যন্ত মহাসড়কে পঞ্চাশজন উপ-পরিদর্শকসহ দুইশ পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২১৩৫ ঘ.