২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মঞ্চ ভেঙে আহত বিএনপির ৬ নেতাকর্মী

ফেনীতে শোক সভার মঞ্চ ভেঙে পড়ে সোমবার বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ফেনী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে শোক সভার মঞ্চ ভেঙে পড়ে সোমবার বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন। ফেনী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ প্রয়াত মেজর সাঈদ এস্কান্দার স্মরণে বিকালে শহরের মিজান ময়দানে এ শোক সভার আয়োজন করেছিল সংগঠনটির জেলা কমিটি। আহত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্মসম্পাদক সাদরাজ জামান, বিএনপি কর্মী রাজুকে ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টারসহ আরো ৩/৪ জন কর্মীকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শোক সমাবেশ হওয়ায় নেতাদের মঞ্চে ওঠার ক্ষেত্রে কোনো কড়াকড়ি আরোপ করা হয়নি। “ফলে ইউনিয়ন পর্যায়ের অনেক নেতা অতি উৎসাহী হয়ে মঞ্চে উঠে পড়েন। এ কারণেই মঞ্চ ভেঙে পড়ে।” বিকাল সোয়া ৫টায় পরশুরাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তালেবের বক্তৃতা চলাকালে মঞ্চের পশ্চিম পাশ হঠাৎ দেবে গেলে কয়েকজন নেতা একে অন্যের ওপর গড়িয়ে নিচে পড়ে আহত হন বলে জানান আলাল উদ্দিন। বিএনপি জেলা কমিটির সহসভাপতি আবু তাহেরের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০০৮ ঘ.