২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কুমারী পূজা উদযাপিত

শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাঅষ্টমীতে সোমবার সারাদেশের মতো রাজধানীতেও উদযাপিত হয়েছে কুমারী পূজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 12:53 PM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাঅষ্টমীতে সোমবার সারাদেশের মতো রাজধানীতেও উদযাপিত হয়েছে কুমারী পূজা। এই মহাঅষ্টমীর মূল আকর্ষণই হল কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশন মঠে সকাল ১১টার দিকে হাজারো ভক্তের উপস্থিতিতে এ পূজা উদযাপিত হয়। পরে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। কুমারী পূজা সম্পর্কে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অমলানন্দ মহারাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে জগতমাতাকে (দেবী দুর্গা) আমরা আরাধনা করি তিনি সব নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এ উপলব্ধি সবার মাঝে জাগ্রত করাই কুমারী পূজার উদ্দেশ্য।” কুমারী পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে অধ্যক্ষ মহারাজ আরও জানান, দেবী দুর্গাকে সামনে বসিয়ে ঠিক যেভাবে তার (দুর্গার) আরাধনা করা হয়, একইভাবে কুমারীকে সেই সম্মান প্রদর্শন করা হয়ে থাকে। কুমারী পূজার সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন। এ সময় পূজার্থীদের উলুধ্বনিতে পূজাম-প মুখরিত হয়ে উঠে। এদিন শুধু রামকৃষ্ণ মিশনেই নয় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দির, বনানী, শাঁখারী বাজার, তাঁতীবাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা ম-পেও ছিল ভক্তদের উপচেপড়া ভিড়। দুর্গা পূজার আনুষ্ঠানিকতা গত শনিবার মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮৪৬ ঘ.