বাগেরহাট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাটে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ফকিরহাট বাজার সংলগ্ন ভৈরব নদ থেকে হুমায়ুন কবীরের (৪৫) ভাসমান লাশ উদ্ধার করা হয়।
হুমায়ুন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা রোববার রাতে হুমায়ুনকে পিটিয়ে হত্যা করে পা বেঁধে নদীতে ফেলে দেয়।
ফকিরহাট থানার উপপরিদর্শক আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে হুমায়ুনের লাশ উদ্ধার করা হয়। তার বাম কানের পাশে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
এই ঘটনায় নিহতের মা আলেয়া বেগম বাদী হয়ে ফকিরহাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/আরএ/১৮০৬ ঘ.
bdnews24