ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব্দদূষণের অভিযোগে রাজধানীর বাংলা মটর এলাকার দুটি ভবনের মালিককে সাত লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সোমবার এ দুটি ভবনে অভিযান চালিয়ে তাদেরকে দ-িত করে এ জরিমানা আদায় করেন।
অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম ওই এলাকার গ্যালাক্সী এপার্টমেন্ট এবং নূরজাহান টাওয়ারে অভিযান চালিয়ে শব্দের মাত্রা যথাক্রমে ৬৮ ও ৮০ ডেসিবল পায়। এসব ভবনের জেনারেটরে মারাত্মক ত্রুটি থাকায় শব্দ অসহনীয় মাত্রায় পৌঁছেছে, যা দু’টি ভবনের ২০টি পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। এছাড়া এসব জেনারেটর থেকে নির্গত কালো ধোঁয়া আশপাশের ছড়িয়ে পরিবেশ দূষণ ঘটাচ্ছে।
অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী সোমবার এই ভবন দুটির মালিককে অধিদপ্তরে তলব করে নূরজাহান টাওয়ারকে ৪ লাখ টাকা এবং গ্যালাক্সী এপার্টমেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেন।
সেইসঙ্গে তাদেরকে যথাক্রমে আগামী ১০ এবং ১৫ দিনের মধ্যে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং ধোঁয়া নির্গমণের পাইপের উচ্চতা বৃদ্ধির কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৭১৬ ঘ.
bdnews24