সাভার, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারের রাজফুলবাড়িয়ায় এক কারখানার বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।
‘বিশ্বাস গ্রুপ’ এর পোশাক কারখানায় শ্রমিকরা সোমবার সকালে মহাসড়ক অবরোধ করলে এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
সংঘর্ষের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে।
শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল বাতেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের সেপ্টেম্বর মাসের কিছু বেতন বকেয়া রয়েছে। এছাড়া চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করে।
“শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। ওই সময় থানা পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েছে,” বলেন তিনি।
তবে সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান গুলি ছোড়ার বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানা পুলিশ নয়, রবার বুলেট ছুড়েছে শিল্প পুলিশ।”
স্থানীয়রা জানায়, দুই মাসের (সেপ্টেম্বর-অক্টোবর) বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সকাল ১০টার দিকে প্রায় তিন হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করে। তখন সাভার থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করলে সংঘর্ষ বাঁধে।
শিল্প পুলিশ কর্মকর্তা বাতেন জানান, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে বিশ্বাস গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কেউ কথা বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমআই/১৭১৪ ঘ.
bdnews24