২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর ‘দুশ্চিন্তা’ সড়কের ওপর পশুর হাট

রাস্তার পাশে বসানো কোরবানির পশুর হাট সড়কের ওপরে চলে আসায় সৃষ্টি যানজট নিয়ে ‘দুশ্চিন্তায়’ আছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

গাজীপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তার পাশে বসানো কোরবানির পশুর হাট সড়কের ওপরে চলে আসায় সৃষ্টি যানজট নিয়ে ‘দুশ্চিন্তায়’ আছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, ভোগড়া, চান্দনা-চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, সফিপুর ও চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় তিনি সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে রাস্তায় গরু ছাগলের হাট বসানো হচ্ছে। রাস্তার পাশ থেকে এসব হাট ক্রমান্বয়ে রাস্তার ওপরে চলে আসছে। এর ফলে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে এটা হচ্ছে আমাদের বড় দুর্ভাবনা।” তরুণ স্বেচ্ছাসেবক নিয়োগ করে যানজট নিরসনে সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের প্রতি অনুরোধ জানান তিনি। রাস্তায় পশুরহাট বসানোর পেছনে কিছু কিছু জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিকে দায়ী জানিয়ে তিনি বলেন, “তারা মনে করেন এতে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ঠুনকো জনপ্রিয়তার কথা চিন্তা করে অবৈধ কাজকে তারা প্রশ্রয় দিচ্ছেন, যা ঠিক নয়।” ঈদ ও পূজা উপলক্ষে ঘরমুখো মানুষের বিড়ম্বনা কমাতে যমুনা সেতুর মেরামত কাজ সোমবার থেকে ৮ দিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। আগামী এপ্রিল-মে মাসে জয়দেবপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়ক চার লেনে প্রশস্ত করার কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, রাস্তা প্রশস্ত করার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় মসজিদ ও কবরস্থান বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে সদরঘাট পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) চালু করার পরিকল্পনা রয়েছে এবং ইতোমধ্যে জারিপও শেষ হয়েছে বলে কাদের জানান। তিনি বলেন, এখন বিস্তারিত নকশা তৈরির কাজ চলছে। বিআরটির গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের কাজ আগামী এপ্রিল-মে মাসে শুরুর আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়তি হলে যানজট কমে আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৬১৫ ঘ.