মাগুরা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
সোমবার জেলার শালিখা উপজেলায় এ ঘটনায় নিহতের নাম মোন্তাজ মোল্লা (৩০)।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তালখড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিরাজ মন্ডলের সঙ্গে শালিখা উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা ইদ্রিস মোল্লার বিরোধ চলছিল।
এরই সূত্র ধরে সকাল সাড়ে ৮টার দিকে সিরাজ মন্ডলের সমর্থক মোন্তাজ মোল্লা লাঠিসোঠা নিয়ে ইদ্রিস মোল্লার সমর্থক গোলাম সরোয়ার মেম্বারের এলাকায় গিয়ে মহড়া দেয়। এসময় সরোয়ারের নেতৃত্বে একদল লোক লাঠিসোঠা নিয়ে মোন্তাজের ওপর হামলা চালায়।
প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মোন্তাজসহ অন্তত ১০ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে মোন্তাজ মারা যায়।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শালিখা থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় পুলিশ মোতায়ের করা হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/আরএ/১৫৪৯ ঘ.
bdnews24