২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির হারুনের জামিন বহাল

মুদ্রা পাচারের মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিন স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2012, 07:35 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিন স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছে আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি করে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. শামসুল হুদা সোমবার এই আদেশ দেন। গত বৃহস্পতিবার হাই কোর্ট জামিনের আদেশ দেয়ার পর শনিবার মুক্তি পান হারুন-অর-রশিদ। রোববার ওই জামিন স্থগিতের আবেদন করে দুদক। ওই আবেদনের বিষয়ে শুনানি করে তা নাকচ করে দেন চেম্বার বিচারপতি। আদালতে দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। হারুনের পক্ষে ছিলেন আব্দুল মতিন খসরু ও মো. আজাহার উল্লাহ ভূঁইয়া। হারুনকে জামিন দেয়ার ক্ষেত্রে ডেসটিনির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখাসহ কয়েকটি শর্ত দেয় হাই কোর্ট। হাই কোর্টের আদেশে বলা হয়, স্বাস্থ্যগত সমস্যা ও সামাজিক অবস্থান বিবেচনায় দুই মাসের জন্য হারুনকে এই জামিন দেওয়া হল। তবে তিনি ডেসটিনির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবেন না। শর্ত লঙ্ঘন করলে জামিন আপনাআপনি বাতিল হয়ে যাবে। এছাড়া জামিনে থাকা অবস্থায় তিনি দেশের বাইরে যেতে পারবেন না, ডেসটিনির কোনো কর্মকর্তা-কর্মচারী বা মামলার অন্য আসামির সঙ্গে ফোনে বা সরাসারি দেখা বা কথা বলতে পারবেন না। ডেসটিনি বা আটক ব্যক্তিদের পক্ষে কোনো বিবৃতি দিতে বা কোনো তদবির করতে পারবেন না। এই আদেশের পর শনিবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন হারুনকে মুক্তি দেয়া হয়। এ দুই মামলায় গত ১১ অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পণের পর সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক সমন্বয়ক হারুনকে কারাগারে পাঠানো হয়। একই দিনে তার সঙ্গে কারাগারে যাওয়া ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩২৭ ঘ.