ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ খেলাপির একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১১ জনের বক্তব্য জানতে চেয়ে সমন জারি করেছে আদালত।
ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতের বিচারক রবিউজ্জামান সোমবার এই আদেশ দেন। সময় পেরিয়ে গেলেও বিবাদীরা কেন ঋণের অর্থ ফেরত দেননি- আগামী ১৪ নভেম্বর তা লিখিতভাবে আদালতে জমা দিতে হবে বলে সোনালী ব্যাংকের আইনজীবী হোসনে আরা জানান।
সোনালী ব্যাংকের মতিঝিল শাখার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম গত ২ অক্টোবর অর্থঋণ আদালতে এই মামলা করেন।
৪৫ কোটি ৪৯ লাখ টাকা ফেরত চেয়ে ড্যান্ডি ডাইংয়ের চেয়ারম্যান তারেক রহমান, পরিচালক আরাফাত রহমান কোকো, খালেজা জিয়ার ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, তাদের দুই ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহিনা বেগম, মোজাফ্ফর আহমেদ, গাজী গালিব আব্দুস সাত্তার এবং ড্যান্ডি ডাইংয়ের বিরুদ্ধে এই মামলা করা হয়।
মামলার আর্জিতে বলা হয়, ২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদীরা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১২ কোটি টাকা ঋণ নেয়। কিন্তু ঋণ পরিশোধের সময় পার হয়ে গেলেও তারা তা করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৩০৫ ঘ.
bdnews24