২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যা: পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগ

জাতীয় চার নেতা হত্যা মামলায় দুই পলাতক আসামির পক্ষে লড়তে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হিসাবে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 09:07 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

জাতীয় চার নেতা হত্যা মামলায় দুই পলাতক আসামির পক্ষে লড়তে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হিসাবে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়েছে আপিল বিভাগ।

তিনি দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধার (পলাতক) হয়ে আপিল বিভাগে মামলা পরিচালনা করবেন।

বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই নিয়োগের আদেশ দিয়ে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করে।

এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক আদেশের পর সাংবাদিকদের বলেন, পলাতক দুই আসামিকে নোটিশ না দিতে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছিল, আদালত তা মঞ্জুর করেছে।

“তাদের পক্ষে মামলা লড়তে আমরা দুইজন আইনজীবীর নাম প্রস্তাব করেছিলাম, যারা এই মামলায় এর আগে আসামিপক্ষের আইনজীবী ছিলেন। এদের একজন তাৎক্ষণিকভাবে অপারগতা জানালে আদালত ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দেয়।”

আনিসুল হক জানান, আগামী ১৫ জানুয়ারি আপিলের শুনানি হবে বলে তারা আশা করছেন।

পরে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তিনি তার অনাপত্তির কথা রাস্ট্রপক্ষকে জানিয়ে দিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।

ওই ঘটনায় মামলা দায়েরের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় ঘোষণা করে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ডের আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ড হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনের।

এছাড়া বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর খালাস পান ।
ওই রায়ের বিরুদ্ধে আপিল হলে হাই কোর্ট ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আসামি দফাদার মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেয় হাই কোর্ট।

হাই কোর্টের রায়ে আট সেনা কমকর্তার সাজা বহাল রাখা হয়। এরা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এমএইচএম বি নূর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী, আহমদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, মো. কিসমত হোসেন ও নাজমুল হোসেন আনসর।

এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের ফাঁসি কার্যকর হওয়ায় তাদের বিরুদ্ধে আপিলের আবেদন অকার্যকর হবে বলে আদালতের আদেশে বলা হয়।

কিন্তু এই বিচার সঠিকভাবে হয়নি- এমন অভিযোগ করে চার নেতার পরিবারের সদস্যরা রায় পুনর্বিচার দাবি জানান। সরকারের কয়েকজন মন্ত্রীও পুনর্বিচারের কথা বলেন। তবে বিচারকাজ বিলম্বিত হওয়ার আশঙ্কায় ওই অবস্থান থেকে সরে আসে সরকার।

বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করা হয়।

২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করে।

আদেশে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত তবে হাই কোর্টের রায়ে খালাস পাওয়া দফাদার মারফত আলী শাহ ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। আত্মসমর্পণ না করলে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

আপিলের অনুমতি পাওয়ার এক বছর আট মাস পর আলোচিত জেল হত্যা মামলায় আপিলের সংক্ষিপ্তসার গত ১ নভেম্বর আপিল বিভাগে জমা দেয় রাষ্ট্রপক্ষ। এরপর শুনানির দিন ধার্যে ৪ নভেম্বর আবেদন করলে আদালত শুনানির ধার্য করে।