ইজতেমার প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা
ইজতেমার নিরাপত্তার জন্য কমিউনিটি পুলিশ মোতায়েন, সিসিটিভি স্থাপন, হেলিকপ্টারে টহল ও ভিভিআইপি নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত বছরের ধারাবাহিকতায় এবারো টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত বিশ্ব ইজতেমা হবে দুই পর্বে।
আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি প্রথম পর্বে এবং ১৮ থেকে ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বে এ ইজতেমার আয়োজন করা হচ্ছে।
বিশ্ব ইজতেমাস্থল ও মুসল্লিদের নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করতে বুধবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, ইজতেমার আয়োজনে সবকিছু সুচারুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহফুজুল হক জানান, ইজতেমায় সমবেতদের নিরাপত্তা এবং আবাসনের জন্য সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আগের বছরের চেয়ে সুষ্ঠু, ফলপ্রসু এবং ব্যবস্থাপনা উন্নত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, এবারো বিশ্ব ইজতেমায় বিশ্বের প্রায় ১০০টি দেশের ২৫ হাজার মুসল্লি যোগ দিতে পারেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মুসল্লিদের আসার ব্যবস্থা করা হবে।
তিনি জানান, এবারো আগের বছরের মতো বিদেশি অতিথিদের জন্য ইজতেমার জন্য ভ্রমণ ভিসা দেয়া হবে। তবে নিরাপত্তাসহ বিভিন্ন কারণে কাউকেই ৩০ দিনের বেশি ভিসা দেয়া হবে না। যদিও ভিসা দেয়ার ক্ষেত্রে কোন দেশের ব্যাপারে কোন কড়াকড়ি আরোপ করা হবে না।
ইজতেমার নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার বিষয়টি নিশ্চিত করা, মাঠ ব্যবস্থাপনা ও আবাসনসহ সার্বিক প্রস্তুতির জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পৌর কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। ইজতেমার প্রথম পর্ব শুরুর আগেই এ কাজ শেষ করা হবে।
আখেরি মোনাজাতসহ পুরো বিশ্ব ইজতেমার দুটি পর্বের নিরাপত্তার জন্য ১০ হাজারের বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এতে র্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।
সভায় বিশ্ব ইজতেমার নিরাপত্তার জন্য এবার কমিউনিটি পুলিশ মোতায়েন, সিসিটিভি স্থাপন, হেলিকপ্টারে টহল ও ভিভিআইপি নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।
