আমিনীর মৃত্যুতে খালেদার শোক
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী মৃত্যুতে শোক প্রকাশ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ ‘আমিনীর অবদান’ কখনো ভুলে যাবে না।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী মৃত্যুতে শোক প্রকাশ করে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ ‘আমিনীর অবদান’ কখনো ভুলে যাবে না।
বুধবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, “দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ফজলুল হক আমিনীর অবদান এ দেশের মানুষ কখনো ভুলে যাবে না। বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অপশাসন ও অপকীর্তির বিরুদ্ধে আমিনীর কণ্ঠস্বর ছিল সাহসী ও মানুষের মৌলিক অধিকারের পক্ষে।”
সংবিধানকে ‘ডাস্টবিনে’ ছুড়ে দেয়ার মতো বহু মন্তব্যের জন্য বিতর্কিত আমিনী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম নেতা। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট থেকে তিনি ২০০১ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্তমান সরকার আমিনীকে মানসিক ও শারীরিক নানাভাবে নির্যাতন চালিয়েছে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, “মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি অন্যায় ও অসত্যের সঙ্গে কখনো আপোষ করেননি। প্রকৃত ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিনি মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আহবান করতেন।”
বিএনপি চেয়ারপার্সন আমিনীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
মঙ্গলবার রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনী। তার বয়স হয়েছিল ৭০ বছর।
