২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক পেটানোর পর উপ পরিদর্শককে প্রত্যাহার

হরতালের ছবি তোলার সময় দুই আলোকচিত্র সংবাদিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার পর সিদ্ধিরগঞ্জের এক পুলিশ উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 10:23 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

ঢাকা/নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের ছবি তোলার সময় দুই আলোকচিত্র সংবাদিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার পর সিদ্ধিরগঞ্জের এক পুলিশ উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) শেখ নাজমুল আলম মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এস আই মামুনকে প্রত্যাহারের এই আদেশ দেন।

মঙ্গলবার বিরোধী দলের হরতাল চলাকালে পুলিশের মারধরের শিকার হন ডেইলি স্টারের জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এমরান হোসেন ও নিউ এজের ফটো সাংবাদিক সৌরভ লস্কর।

সাড়ে ১১টার দিকে চিটাগাং রোডের সাইনবোর্ড এলাকার সড়কে হরতালকারীদের জ্বালিয়ে দেয়া একটি টায়ারের ছবি তুলতে গেলে একটি ভ্যান থেকে কয়েকজন পুলিশ সদস্য নেমে তাদের মারধর করেন।

এর প্রতিবাদে কিছু সাংবাদিক নারায়ণগঞ্জ-ডেমরা সড়কে সিদ্ধিরগঞ্জ থানার সামনে অবস্থান নিয়ে এস আই মামুনসহ ‘দোষী’ পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানাতে থাকেন। পরে সেখানে উপস্থিত হয়ে পৌনে ৩টার দিকে এসআইকে প্রত্যাহারের ঘোষণা দেন এসপি নাজমুল। তারপর সাংবাদিকরা দুই আলোকচিত্র সাংবাদিকদের নিয়ে সড়ক থেকে সরে যান।

নারায়ণগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামানকে এ ঘটনা খতিয়ে দেখে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন এসপি।

ঘটনার বিবরণ দিয়ে ফটো সাংবাদিক এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সদস্যরা আমাদের কাছের একটি পুলিশ বক্সে নিয়ে ৫/৬ জন মিলে লাথি-ঘুষি মারতে থাকে। আমাদের ক্যামেরা ভেঙে ফেলে এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়।”

এরপর সেখান থেকে তাদের দুজনকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

ঢাকা থেকে সাংবাদিকদের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করা হলে দুই ফটো সাংবাদিকের মোবাইল ফোন ও ক্যামেরা ফিরিয়ে দেয়া হয় বলে জানান এমরান।

এদিকে দুই সাংবাদিকদের থানায় নিয়ে যাওয়ার খবর পেয়ে তাদের সহকর্মীরা সিদ্ধিরগঞ্জ থানার সামনে নারায়ণগঞ্জ-ডেমরা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে বেলা ১২টা ৪০ এ তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানার এস আই মামুনের সঙ্গে দুই ফটো সাংবাদিকের ভুল বোঝবুঝি হয়েছিল। তাদের গ্রেপ্তার বা আটক করা হয়নি। এখন তাদের সঙ্গে বসে চা খাচ্ছি।”

এর ঘণ্টা দুই পর থানায় এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার শেখ নাজমুল আলম। সব কিছু শুনে এবং ওই ঘটনায় অন্য সাংবাদিকদের তোলা ছবি দেখে তাৎক্ষণিকভাবে এসআই মামুনকে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

তার কথায় এরপর মারধরের শিকার দুই আলোকচিত্র সাংবাদিককে নিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন অন্য সাংবাদিকরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচএ/এআরএইচ/এএইচ/জেকে/১৫২৫ ঘ.