২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সারাদেশে বিক্ষিপ্ত সংঘর্ষ

বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাংচুর ও সংঘর্ষের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে ১৮ দলীয় জোটের হরতাল পালিত হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও জামায়াতের ১৩৪ জনকে আটক করেছে পুরিশ ও র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2012, 09:31 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ভাংচুর ও সংঘর্ষের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে ১৮ দলীয় জোটের হরতাল পালিত হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও জামায়াতের ১৩৪ জনকে আটক করেছে পুরিশ ও র‌্যাব।

এরমধ্যে রয়েছে সিরাজগঞ্জে ৩০ জন, বান্দরবানে ২ জন, ভোলায় ১৫ জন, চাঁদপুরে ১৪ জন, লালমনিরহাটে ৫ জন, ঝালকাঠীতে ৫ জন, নোয়াখালীতে ১০ জন, নরসিংদীতে ১৫ জন, বাগেরহাটে ৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৬ জন, গাজীপুরে ২ জন এবং কুড়িগ্রামে ৬ জন।

এছাড়া তিন জেলায় ৪৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ভোলায় ১০ জন, লালমনিরহাটে ৬ জন এবং কুড়িগ্রামে ৩০ জন আহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-

কুড়িগ্রাম: সদর ও নাগেশ্বরী উপজেলায় বিএনপি’র মিছিলে পলিশের লাঠিপেটা এবং টিয়ার গ্যাস শেল নিক্ষেপে অন্তত আহত ৩০ হয়েছে।

পুলিশ বিএনপির ছয় কর্মীকে আটক করেছে।

সদর থানার ওসি ময়নুল ইসলাম বলেন, শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় বিএনপি মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও টিআর শেল নিক্ষেপ করেছে পুলিশ। বিএনপির ছয় জনকে আটক করা হয়েছে।

গাজীপুর: সকালে টঙ্গীর মধুমিতা রোড থেকে হাতবোমাসহ দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, পুলিশ দেখে রিকশা থেকে নেমে পালানোর সময় তাদের আটক ও ব্যাগ তল্লাশি করে দু’টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে সোমবার রাত ও মঙ্গলবার সকালে ২৬ বিএনপি, জামায়াত ও শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদের মধ্যে ১১ জন শিবির, দুই জন জামায়াত ও ১৩ জন বিএনপিকর্মী বলে পুলিশ জানিয়েছে।

এরমদ্যে সদরে ৫ জন, নাচোলে ৪ জন, ভোলাহাটে ১০ জন, শিবগঞ্জে ৪ জন এবং গোমস্তাপুর উপজেলায় ৩ জন গ্রেপ্তার হন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক বলেন, পিকেটিং করার কারণে এবং নাশকতা সৃষ্টির আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়।

বাগেরহাট: রামপাল-বাগেরহাট পুরাতন সড়কের ডেমা এলাকায় পিকেটাররা তিনটি মোটরসাইকেল ভাংচুর করেছে।

পুলিশ শিবিরের জেলা সভাপতি ও চার কর্মীকে আটক করেছে।

বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুল আলম রাসেল বলেন, বাগেরহাট-খুলনা সড়কের আদালত এলাকা থেকে জেলা ছাত্র শিবির সভাপতি আজমল হোসেনকে আটক করা হয়।

এছাড়া হযরত খানজাহান (র:) মাজার ও দশানী ট্রাফিক মোড় এলাকা থেকে শিবিরের তিন পিকেটারকে আটক করা হয়েছে।

নরসিংদী: নরসিংদী শহর বিএনপি সভাপতিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সদরের ওসি মো. আসাদুজ্জামান বলেন, ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা শহরের ব্রাহ্মণদী এলাকায় মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে ১৫ জনকে আটক করে।

পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রেল স্টেশন এলাকায় মিছিল বের করে এবং রেল লাইনে টায়ার ও গাছ ফেলে আগুন ধরিয়ে দেয়। তারা সদর মডেল থানা ঘেরাও করে।

খবর সংগ্রহ করতে সাংবাদিকরা ওখানে গেলে এক মহিলা পুলিশ কর্মকর্তা তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয় এবং অসৌজন্যমূলক আচরণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালী: নোয়াখালীতে বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১০ জনকে আটক করেছে।

পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন উপজেলা থেকে এদের আটক করা হয়।

ঝালকাঠী: জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।

এদের মধ্যে রয়েছে সদরে ৪ জন এবং কাঠালিয়ায় একজন।

ঝালকাঠী সদর থানার ওসি আব্দুল মান্নান বলেন, পিকেটিং ও বিশৃঙ্খলা করার চেষ্টা করায় এদের আটক করা হয়।

লালমনিরহাট: লালমনিরহাটে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন। পুলিশ পাঁচ পিকেটারকে আটক করেছে।

সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, শহরের মিশন মোড় চত্বরে বিএনপির একটি মিছিল যাওয়ার সময় পুলিশের উপর হামলা চালায় তারা।

এ সময় পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

চাঁদপুর: চাঁদপুরে পুলিশ ১৪ পিকেটারকে আটক করেছে।

পুলিশ সুপার হামিদ জাফর বলেন, শহরে পুলিশ ও পিকেটারদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশকে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়।

পিকেটিংকালে পুলিশ বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করে।


ভোলা: শহরের খেয়াঘাট সড়কে পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষে ১০ পিকেটার আহত হয়েছে।

পুলিশ ও র‌্যাব যুবদল ও ছাত্রদলের ১৫ কর্মীকে আটক করেছে।

ভোলা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, শহরের গাজীপুর রোড, পরানগঞ্জ, ইলিশা ও কালীখোলা থেকে ১৫ জনকে আটক করা হয়।

পুলিশ ও পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ১০ পিকেটার আহত হয় বলেও তিনি জানান।

বান্দরবান: নাশকতা সৃষ্টির আশঙ্কায় নাইক্ষ্যংছড়ি ছাত্র শিবিরের দুই নেতাকর্মীতে পুলিশ গ্রেপ্তার করেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি এএসএম আজাদ তাদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।


সিরাজগঞ্জ: পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ ৩০ জনকে আটক করেছে।

পুলিশ সুপার হুমায়ন কবীর বলেন, রায়গঞ্জ, এনায়েতপুর, উল্লাপাড়া, শাহজাদপুর, সদর, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানা পুলিশ সোমবার রাতে ২৭ জনকে এবং মঙ্গলবার পিকেটিং করার সময় তিন জনকে আটক করেছে।

এদের মধ্যে ২৭ জন বিএনপি ও ৩ জন জামায়াতের নেতাকর্মী।

অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন বলেন, পিকেটাররা মহাসড়কের কোনাবাড়িতে বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাক ভাংচুর করে। বাধা দিলে তারা পুলিশের উপর চড়াও হয়। পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।