জামায়াতের নিবন্ধন বাতিলের সুযোগ খতিয়ে দেখতে বললেন ইনু
জামায়াতে ইসলামীকে ‘সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের দল’ আখ্যা দিয়ে রাজনৈতিক দল হিসেবে এর নিবন্ধন বাতিল করা যায় কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার সকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামায়াত একটি রাজনৈতিক দল হিসেবে মার্কিন দূতাবাসের গাড়িতে হামলার দায় স্বীকার করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। দূতাবাসের গাড়িতে হামলা এবং স¤প্রতি তাদের তাণ্ডবসহ সন্ত্রাসী কর্মকা- বিবেচনা করে এ দলের নিবন্ধন রাখা যায় কি না তা খতিয়ে দেখা উচিত।”
জামায়াতে ইসলামীসহ সব ‘সাম্প্রদায়িক রাজনৈতিক দল’ নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করাসহ কয়েকটি দাবিতে ১৮ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রাজপথ অবরোধ কর্মসূচিতে রাস্তায় গাড়ি বের না করার ‘হুমকি’ দিয়ে বিএনপি ‘দায়িত্বশীল’ আচরণ করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, “এটি জন চলাচলের বাধা এবং বলপ্রয়োগের হুমকিস্বরূপ।”
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে রোববার রাজপথ অবরোধ করার ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, যুদ্ধাপরাধীদের বিচার ও সাংবাদিকদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।
তত্ত্বাবধায়ক সরকারের পুরানো কাঠামোতে ফিরে যাবার কোন সুযোগ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য অন্তর্র্বতীকালীন সরকারের কাঠামো কি হতে পারে তা নিয়ে আলোচনা হতে পারে।
তিনি বলেন, “খালেদা জিয়া পুরানো তত্ত্বাবধায়ক কাঠামো চাইছেন। উনার প্রতি আহবান, সংসদের বাইরে ত্রুটিপূর্ণ বিষয়ে কথা না বলে মনস্থির করুন। পুরানো কাঠামো বহালের কোনো সুযোগ নেই, অন্তবর্তী কাঠামো কি হতে পারে তা নিয়ে আলোচনা হতে পারে।”
সংবাদপত্রকে শিল্প হিসেবে দেখতে চান উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এজন্য আলাদা আইন ও নীতিমালা চাই। এজন্য ইতিমধ্যে শিল্প ও আইন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।
বাংলাদেশে গণমাধ্যম সুস্থভাবে বিকশিত করতে জাতীয় নীতিমালা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এ জন্য সরকার কাজ করছে। জাতীয় স¤প্রচার নীতিমালা, অনলাইন গণমাধ্যম এবং বেসরকারি টিভি চ্যানেলগুলোর জন্য নীতিমালা প্রণয়ণের কাজ চলছে।
সাংবাদিকদের অধিকার এবং অন্যান্য বিষয়কে সামনে রেখে অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন সংবাদপত্র মালিক, যারা ওয়েজ বোর্ড বাস্তবায়ন করছে না এবং ভুল তথ্য দিয়ে বেশি সুবিধা নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ইনু দাবি করেন, বর্তমান মহাজোট সরকার অতীতের সরকারের মতো গণমাধ্যমের ওপর চাপিয়ে দেয়া আইন আনেনি। বরং তথ্য অধিকার আইন পাশ এবং তথ্য কমিশন গঠন করেছে।
এ সময় সিইউজের পক্ষ থেকে সাংবাদিকদের দাবি আদায় সম্পর্কিত একটি স্মারকলিপিও মন্ত্রীকে দেয়া হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক দৈনিকে সপ্তম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়।
মতবিনিময়ের সময় সিইউজের সভাপতি শহীদুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সদস্য তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সাংবাদিক সমীর বড়–য়া, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম ও সদস্য স্বরূপ ভট্টাচার্যসহ সিইউজের কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
