২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধৈর্যের সঙ্গে জামায়াত-শিবিরের ষড়যন্ত্র নস্যাৎ করুন’

ধৈর্য ও সাহসের সঙ্গে ‘জামায়াত-শিবিরের নীল নকশা’ নস্যাত করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 12:03 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ধৈর্য ও সাহসের সঙ্গে ‘জামায়াত-শিবিরের নীল নকশা’ নস্যাত করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে মন্তব্য করে পুলিশের প্রতি এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পুলিশ একাডেমির শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাটে তিন দিনের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে সারা দেশে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে জামায়াত-শিবির।

পুলিশ বাহিনীর উদ্দেশে তিনি বলেন, “আমি আশাবাদী, জামায়াত-শিবিরের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে আপনারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্ষম হবেন।”

বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীশক্তি যুদ্ধপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “কোনো অপশক্তি যুদ্ধপরাধীদের বাঁচাতে পারবে না।”

স্বাধীনতা বিরোধীদের অপতৎরতা ও জঙ্গিবাদ দমনে ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার টেররিজমের একটি ইউনিট গঠনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “স্বাধীনতা বিরোধীদের অপতৎরতা ও জঙ্গিবাদ দমনে পুলিশের এই বিশেষায়িত ইউনিট কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

স্বাধীনতাযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীর উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্টদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে এবং পরিদর্শক পদকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তার পদে উন্নীত করেছে।

এছাড়া পুলিশ বাহিনীর জনবল বাড়াতে ৭৩৩টি ক্যাডার পদসহ ৩২ হাজার পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে ৪৬৫টি ক্যাডার পদসহ ২৫ হাজার ১৮৯টি পদে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ নাইম আহমেদ, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুলিশ একাডেমির শতবর্ষ উপলক্ষে একটি স্মারক ডাকটিকেটও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।