চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কমে এক তৃতীয়াংশ
চট্টগ্রামে সাড়ে পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দুটি কেন্দ্র বন্ধ হয়ে আছে গ্যাসের অভাবে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ কমার পাশাপাশি লোডশেডিং বেড়েছে চট্টগ্রাম অঞ্চলে।
চট্টগ্রামে মোট সাড়ে পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দুটি কেন্দ্র বন্ধ হয়ে আছে গ্যাসের অভাবে। এর ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমার পাশাপাশি লোডশেডিং বেড়েছে চট্টগ্রাম অঞ্চলে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) হিসাবে, বুধবার চট্টগ্রাম জোনের নয়টি বিদ্যুৎ কেন্দ্রের ১ হাজার ১৪৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিপরীতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৪১০ মেগাওয়াট।
এদিন চট্টগ্রাম জোনে চাহিদার তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বিদ্যুৎ সরবরাহ কম করা হয়েছে। আর সারাদেশে বিদ্যুৎ সরবরাহ ছিল চাহিদার তুলনায় ৫ দশমিক ৯৩ শতাংশ কম।
চট্টগ্রামের রাউজানে ৩৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায় গত ৮ সেপ্টেম্বর। এর আগে ৮ আগস্ট বন্ধ হয় দ্বিতীয় ইউনিট।
শিকলবাহায় ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্রটি বন্ধ হয় ১৬ সেপ্টেম্বর। আর ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্রটি বন্ধ রয়েছে ২ জুলাই থেকে।
এছাড়া যান্ত্রিক ক্রটির কারণে আরো তিনটি কেন্দ্রে ৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কম হয়েছে বুধবার। ফলে এদিন চট্টগ্রাম জোনের কেন্দ্রগুলোতে উৎপাদন হয়েছে মোট বিদ্যুৎ ক্ষমতার অর্ধেকেরও কম বিদ্যুৎ ।
চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী স্বপন চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্যাস সরবরাহ নেই। তাই আমাদের সাড়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্র বন্ধ রয়েছে।”
“এ কেন্দ্র বন্ধ থাকায় চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ কমছে। পাশাপাশি জাতীয় গ্রিডেও কম বিদ্যুৎ যাচ্ছে”, বলেন তিনি।
এ বিষয়ে চানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) তমাল চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যখন সার উৎপাদনে গ্যাস বেশি সরবরাহ করা হয় তখন বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ কমে। আবার বিদ্যুতে বাড়লে সারে কমাতে হয়। এভাবে সব দিকেই দিতে হচ্ছে।”
তবে শীত মওসুম শুরু হয়ে যাওয়ায় সারাদেশে এখন খুব একটা লোডশেডিং করতে হচ্ছে না বলে দাবি করেন তিনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাবে, দেশে প্রায় সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। বুধবার সারাদেশে ব্যবহারযোগ্য চাহিদা ছিল চার হাজার ৮৭১ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন হয়েছে চার হাজার ৫৮২ মেগাওয়াট।
সারাদেশে ৮২টি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৃত উৎপাদন ক্ষমতা ৮ হাজার ২৭৫ মেগাওয়াট। এর মধ্যে বুধবার গ্যাসের অভাবে উৎপাদন কমেছে ৯৬০ মেগাওয়াট। আর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন কম হয়েছে ১ হাজার ৫১৬ মেগাওয়াট।
