পদ্মা দুর্নীতি: ‘ডিসেম্বরে দুদকের প্রতিবেদন’
তদন্তের সার্বিক অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে গোলাম রহমান বলেন, “আমরা অন্ধকারে ছিলাম, আলোর দেখা পেয়েছি।”
পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তদন্তের প্রতিবেদন আগামী মাসেই পাওয়ার আশা করছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
সোমবার কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী মাসের (ডিসেম্বর) প্রথম সপ্তাহেই দুদকের অনুসন্ধানী দল প্রতিবেদন জমা দেবে।”
তদন্তের সার্বিক অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে গোলাম রহমান বলেন, “আমরা অন্ধকারে ছিলাম, আলোর দেখা পেয়েছি।”
বহুল আলোচিত পদ্মা প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্তে চোখ রাখছে বিশ্ব ব্যাংকের একটি প্যানেল। তাদের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে ২৯১ কোটি ডলারের এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার ঋণপ্রাপ্তি।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে গত জুনে ঋণচুক্তি বাতিল করলেও সরকারের নানামুখী তৎপরতায় গত সেপ্টেম্বরে শর্তসাপেক্ষে এই প্রকল্পে ফিরে আসার ঘোষণা দেয় বহুজাতিক ঋণদাতা সংস্থাটি।
দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণে গত ১৬ অক্টোবর ঢাকা ঘুরে গেছে বিশ্ব ব্যাংকের তিন সদস্যের প্যানেল। তাদের ফিরে যাওয়ার কয়েকদিনের মাথায় ২১ অক্টোবর বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের প্রধান অ্যালেন গোল্ডস্টেইন জানিয়েছিলেন, দ্বিতীয় প্রতিনিধি দলটি নভেম্বর মাসে ঢাকা আসতে পারে।
দুর্নীতির অভিযোগ উত্থাপনের পর উপপরিচালক আব্দুল্লাহ আল জাহিদকে প্রধান করে চার সদস্যের একটি অনুসন্ধানী দল গঠন করে দুদক। অনুসন্ধানী দলের অন্য সদস্যরা হলেন- উপ পরিচালক জয়নুল আবেদিন শিবলী, উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ও উপপরিচালক মির্জা জাহিদুল আলম।
প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে প্রাকযোগ্য তালিকায় থাকা কানাডীয় কোম্পানি এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার বিরুদ্ধে কাজ পেতে ঘুষ সাধার অভিযোগ পাওয়ার পরই পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে।
তদন্তের জন্য কানাডা সরকারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চালিয়েছে কমিশন।
“কানাডা সরকারের কাছ থেকে এখনো জবাব পাওয়া যায়নি। আমাদের মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগআছে। আশা করছি শিগগিরই এমএলএআর এর উত্তর পাব,” বলেন গোলাম রহমান।
