বড়াল নদীর উপরে বাঁধ সরানোর দাবি
রাজশাহী অঞ্চলের বড়াল নদীর উপরে নির্মিত সব ধরনের বাঁধ সরানোসহ নদীটি রক্ষায় ৫ দফা দাবি জানিয়েছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।
রাজশাহী অঞ্চলের বড়াল নদীর উপরে নির্মিত সব ধরনের বাঁধ সরানোসহ নদীটি রক্ষায় ৫ দফা দাবি জানিয়েছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন।
সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), চলনবিল রক্ষা আন্দোলন এবং বড়াল রক্ষা আন্দোলন।
সংগঠনগুলোর অন্যান্য দাবি গুলো হচ্ছে, বড়াল নদীর উপরে নির্মিত সব অবৈধ স্থাপনা সরানো, নদীর ভরাট হয়ে যাওয় অংশগুলো সিএস রেকর্ডের ভিত্তিতে চিহ্নিত করা ও পুনর্খননের ব্যবস্থা করা, নদীকে মাছ চাষের জন্য ইজারা দেওয়া বন্ধ করা এবং নদী সংরক্ষনে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা।
সংবাদ সম্মেলনে এ দাবিগুলোর প্রতি সংহতি জানান নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো শাহরিয়ার আলম।
মো. আব্দুল কুদ্দুস নাটোরের চলনবিল এলাকায় চলনবিল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৮৫ সালে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাজশাহীর চারঘাট এলাকায় বড়াল নদীর উৎসে ২০ ফুট দীর্ঘ ও আট ফুট উঁচু একটি রেগুলেটর বসানো হয়। পরবর্তীতে আটঘড়ি এবং চাটমোহরে আরো দুটি রেগুলেটর বসানো হয়। এ রেগুলেটরগুলো বর্তমানে বিকল থাকায় নদীর পানি প্রবাহে বিঘœ সৃষ্টি করছে।
এছাড়াও দখলদার ও ভূমিদস্যুরা নদীর শুকিয়ে যাওয়া অংশ দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
দাবি পুরণ না হলে আগামী ১৪ মার্চ নদী রক্ষা দিবসে বড়াল নদীর উৎপত্তিস্থল রাজশাহীর চারঘাট থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি পর্যন্ত প্রায় ২২০ কিমি দীর্ঘ মানববন্ধন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এম এম মিজানুর রহমান, বাপা সাধারন সম্পাদক ডা. মো আব্দুল মতিন প্রমুখ।
