২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩তম বিসিএস: দুই বেলা পরীক্ষার সূচি নিয়ে ক্ষোভ চাকরিপ্রত্যাশীদের

এই সূচি পরিবর্তন করে দিনে একটির বেশি পরীক্ষা না রাখার দাবি জানিয়েছেন পরীক্ষার্থীরা। শহীদুল ইসলামের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 06:25 PM

Updated : 25 Apr 2022, 09:55 PM

তেত্রিশতম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার নতুন সূচিতে দিনে দুটি করে পরীক্ষা রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।

এই সূচি পরিবর্তন করে দিনে একটির বেশি পরীক্ষা না রাখার দাবি জানিয়েছেন তারা।

তবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বলেছে, পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সংখ্যায় কেন্দ্র না পাওয়ায় বাধ্য হয়ে তাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রশ্ন ফাঁসের গুজবের কারণে স্থগিত করা বিষয়ের লিখিত পরীক্ষা নিতে বৃহস্পতিবার এই নতুন সময়সূচি প্রকাশ করে পিএসসি। এতে ১৮, ১৯, ২০ ও ২৩ ডিসেম্বর প্রতিদিন সকাল-বিকাল দুটি করে পরীক্ষা রাখা হয়।

সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই পালায় এই পরীক্ষা নেয়া হবে। অর্থাৎ সকাল-বিকাল দুটি করে পরীক্ষা দিলে পরীক্ষার্থীদের এক ঘণ্টার বিরতি দিয়ে দিনে ছয় ঘণ্টা পরীক্ষায় বসতে হবে।

স্থগিত হওয়ার আগে প্রতিদিন একটি বিষয়ের পরীক্ষা রেখেই পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছিল। গত কয়েক বছর ধরে দিনে একটি করেই পরীক্ষা নিয়ে আসছিল কমিশন।

মো. ফরহাদ নামের এক পরীক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজ বিশ্ববিদ্যালয়েও কখনো দিনে ছয় ঘণ্টার পরীক্ষা দিতে হয়নি। আর বিসিএসের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় টানা তিন দিন দুই বেলা করে কীভাবে পরীক্ষা দেয়া সম্ভব?”

ফৌজিয়া নামের আরেক পরীক্ষার্থী বলেন, “প্রশ্ন ফাঁসের পর পরীক্ষা স্থগিত করে সেই পরীক্ষা নিয়ে পিএসসি এখন নতুন ঝামেলা শুরু করেছে। এ রুটিনে পরীক্ষা দেয়া যায় না। অবশ্যই রুটিন পরিবর্তন করতে হবে।”

পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে পিএসসিকে ‘মানবিক’ হওয়ার আহ্বান জানিয়েছেন আরেক পরীক্ষার্থী।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিএসসির সঙ্গে আমরা পারব না। তারা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে। কিন্তু আমার বিশ্বাস, আমাদের প্রতি সদয় হয়ে সূচি পরিবর্তন করে দিনে একটি করে পরীক্ষা নেয়া সম্ভব।”

মফিজুল ইসলাম নামের এক ব্যাংক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বছরের এই সময়ে বিকাল ৪টার পর থেকেই আলো কমতে শুরু করে। আর বিকালের পরীক্ষা শেষ হবে ৫টায়। পরীক্ষার সময় বিদ্যুৎ চলে গেলে পরীক্ষার্থীদের সমস্যা হবে।”

তার মেয়ে এবার পরীক্ষা দিচ্ছেন জানিয়ে মফিজুল বলেন, “রুটিন দেখে তো মেয়ে কেঁদে ফেলেছে। ওর মাইগ্রেনের সমস্যা আছে। অনেকক্ষণ বসে থাকলে এমনিতেই তার মাথা ব্যাথা করে।”

পরীক্ষার্থীদের মতো এই অভিভাবকও মনে করেন, দিনে একটির বেশি পরীক্ষা রাখা পিএসসির ঠিক হচ্ছে না।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষা কেন্দ্র না পাওয়ায় এই সঙ্কটের সৃষ্টি হয়েছে।

“মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন পরীক্ষা চলছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্সের পরীক্ষাও চলছে। আমরা পরীক্ষা কেন্দ্রই পাচ্ছিলাম না।”

পরীক্ষা থাকায় ইডেন কলেজ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজসহ রাজধানীর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিসিএস পরীক্ষার জন্য কেন্দ্র দিতে রাজি হচ্ছিল না। তারপরও অনেক চেষ্টা করে তাদের কাছ থেকে কয়েক দিন সময় নেয়া হয়েছে বলে উল্লেখ করেন এই পিএসসি কর্মকর্তা।

৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরুর আগের দিন গত ৬ অক্টোবর ‘অনিবার্য কারণে’ পরীক্ষা স্থগিত করে পিএসসি।

এর কয়েক দিন আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘টাকার বিনিময়ে লিখিত পরীক্ষার প্রশ্ন’ বিক্রির খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়।

এ কারণে গত ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ঘোষিত সূচি স্থগিত করতে পিএসসি বাধ্য হয়।

তবে ৩০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পদ সংশি¬ষ্ট বিষয়গুলোর পরীক্ষা শেষ হয়েছে। ২৮ হাজার ৯১৭ জন চাকরিপ্রার্থী অংশ নিয়েছেন এসব পরীক্ষায়।

চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী গত ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় অংশ নেন।