নরসিংদী, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে ব্যবসায়ীর ছিনতাই হওয়া টাকাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর আড়াইটায় ঘোড়াশাল টোল ঘরের সামনে থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ওই তিন যুবককে আটক করা হয়।
তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৫ লাখ ২০ হাজার টাকাও উদ্ধার করা হয় বলে সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাইক্রোবাস চালক লিটন (৩৫), যাত্রী ইউসুফ (২২) ও মো. মনির (২৫)। এর মধ্যে ইউসুফ ও মনির পুলিশের পোশাক পরা ছিলেন।
সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, দুপুরে নরসিংদী সদর উপজেলার বিরামপুর গাংপাড় গ্রামের ব্যবসায়ী মোর্শেদ মাধবদীর ডাচ-বাংলা ব্যাংক থেকে ৭ লাখ ৩৬ হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন।
“পথে পুলিশের পোশাক পরা চার ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীকে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা ব্যবসায়ীকে নরসিংদীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়।”
স্থানীয় সাংবাদিক বিশ্বনাথ পাল ও কামরুল ইসলাম কামাল ঘটনাটি পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে জেলার সব থানায় খবর দেয়া হয়। ওসি পুলিশ নিয়ে মাইক্রোবাসটিকে ধাওয়া করেন।
ওসি বলেন, পরে ঘোড়াশাল টোল ঘরের সামনে থেকে মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়। একজন গাড়ি থেকে আগেই নেমে পালিয়ে যায়।
তৈয়ব নামে অন্য ছিনতাইকারী ২ লাখ ১৬ হাজার টাকা নিয়ে পাঁচদোনা ঘোড়াশাল সড়কের মাঝামাঝি স্থানে নেমে যায় বলে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে।
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৪৬ ঘ.
bdnews24