২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের গরু দেয়ার সময় কল্যাণ পার্টির নেতা আটক

কক্সবাজারে কোরবানির জন্য রোহিঙ্গাদের গরু বিতরণের সময় কল্যাণ পার্টির এক নেতাকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

কক্সবাজার, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে কোরবানির জন্য রোহিঙ্গাদের গরু বিতরণের সময় কল্যাণ পার্টির এক নেতাকে আটক করা হয়েছে। রোববার বিকালে কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী থেকে মোহাম্মদ ইসমাইল ফারুক নামে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। সেখান থেকে ১১৪টি গরুও জব্দ করা হয়েছে। ফারুক (৩৮) বাংলাদেশ কল্যাণ পার্টি কক্সবাজার জেলা সভাপতি। তিনি শহরের হাশেমিয়া মাদ্রাসা এলাকার নুরুল আমিনের ছেলে। এলাকাবাসী জানায়, ফারুক স্কুল জীবনে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন, পরে কিছুদিন ছাত্রলীগও করেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিম কল্যাণ পার্টি গঠন করলে ওই দলে যোগ দেন ফারুক। কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোরবানির ঈদ উপলক্ষে একটি এনজিও রোহিঙ্গাদের মধ্যে প্রায় ১ হাজার গরু দেয়ার চেষ্টা করছে। তারা এনজিও ব্যুরো থেকে অনুমোদন পেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এখনো পায়নি। “এর মধ্যে গরু মজুত করে সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে খবর পেয়ে পুলিশ ১১৪টি গরুসহ কল্যাণ পার্টির নেতা ফারুককে আটক করে,” বলেন ওসি। ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২১২৩ ঘ.