শংকর বড়ুয়া রুমি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
কক্সবাজার, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাক্ষণ পুলিশি নিরাপত্তা থাকলেও আতঙ্ক কাটছে না কক্সবাজারের রামুর উত্তম বড়ুয়ার পরিবারের সদস্যদের।
উত্তমের মা ননীবালা বড়ুয়া মাধু রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবারের উপার্জন ব্যক্তি উত্তম ও তার বাবা সুদত্ত বড়ুয়ার কোনো খোঁজ নেই, তারা পালিয়ে বেড়াচ্ছে। দুই কন্যা আর বোনকে নিয়ে বাড়িতে আছি। সামনের দিনগুলো কীভাবে কাটবে সেই চিন্তায় অস্থির আমি।”
গত ২৯ সেপ্টেম্বর রাতে উত্তমের ফেইসবুক পাতায় একটি অবমাননাকর ছবি দেখে রামুতে মিছিল বের হয়। পরে উগ্রপন্থিরা বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা, ভাংচুর, লুটপাট চালায়; আগুনও দেয়া হয় বিভিন্ন স্থানে।
ছেলে উত্তমকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়ে দেয়া হয়েছে দাবি করে ননীবালা বলেন, “পুলিশ নিরাপত্তা দিচ্ছে, জেলা-উপজেলা প্রশাসন কিছু সহায়তাও দিয়েছে। তবু সেই সা¤প্রদায়িক সন্ত্রাসের রাতের কথা মনে হলে বুক কেঁপে উঠে।”
২৯ সেপ্টেম্বর ঘটনার পর থেকে উত্তমের কোনো সন্ধান পাওয়া না গেলে তার মা ননীবালা (৪১) এবং খালা আদিতাকে (২৬) পরদিনই গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের রিমান্ডেও নেয়া হয়।
কোনো অভিযোগ না থাকার পরও গ্রেপ্তারের এই খবর সংবাদপত্রে দেখে হাই কোর্ট এ নিয়ে উষ্মা প্রকাশ করে, তাদের আটক অবৈধ বলেও ঘোষণা করে।
ওই দিনই ছাড়া পেয়ে রামুর চেরাংঘাটায় নিজেদের বাড়িতে ফেরেন উত্তমের মা। আদালতের নির্দেশে সেখানে পর্যাপ্ত পুলিশ পাহারাও বসানো হয়।
ননীবালা বলেন, “জেল থেকে মুক্তি পাব, তা ভাবতেও পারিনি।”
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার উত্তমের মাকে নগদ ২ হাজার টাকা, ৩০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল ও দুটি শাড়ি দেয়া হয়েছে। এছাড়াও শুক্রবার কক্সবাজার জেলা পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর আরো ১০ হাজার টাকা সহায়তা দিয়েছেন।
উত্তমের পরিবারের নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিরাপত্তা বহাল থাকবে বলে জানান ইউএনও।
নিরাপত্তার দায়িত্বে থাকা রামু থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোট ১২ জন পুলিশ দুই শিফটে এখানে দায়িত্ব পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০৪৪ ঘ.
bdnews24