ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মতিউর রহমান নিজামীর মামলায় সাক্ষীকে জেরার সময় প্রসিকিউটর, আসামি পক্ষের আইনজীবী, সাক্ষী ও বিচারকদের মধ্যে কথা-কাটাকাটির কারণে রোববার উত্তপ্ত হয়ে ওঠে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
এদিন ছিল এই মামলায় প্রসিকিউশনের প্রথম সাক্ষী ইসলামী ঐক্যজোটের একাংশের প্রধান মিছবাহুর রহমান চৌধুরীর জেরার শেষ দিন।
কিন্তু নিজামীর কৌঁসুলি মিজানুল ইসলামের একটি প্রশ্নকে কেন্দ্র করে আদালত উত্তপ্ত হয়ে উঠে।
ইসলামী ছাত্র সংঘের সাবেক সদস্য হিসেবে পরিচয় দেয়া মিছবাহুরের কাছে নিজামীর কৌঁসুলি আল বদর বাহিনীকে নিয়ন্ত্রণকারী সামরিক কর্মকর্তাদের নাম জানতে চাইলে এই সাক্ষী বলেন, জামায়াতে ইসলামীই তাদের নিয়ন্ত্রণ করত।
তখন মিজানুল ইসলাম আপত্তি তুলে বলেন, সাক্ষী তার প্রশ্নের উত্তর দিচ্ছে না।
এরই মধ্যে আসামি পক্ষের আরেক কৌঁসুলি তাজুল ইসলাম বলে ওঠেন- “আমরা তাকে জিজ্ঞেস করেছি আর্মি অফিসারের কথা, আর উনি নিয়ে আসছেন রাজনীতি!”
এতে সাক্ষী উত্তেজিত কণ্ঠে বলেন, “দেখুন, সকালে আমি এখানে আসার পর থেকে আপনি আমার ব্যাপারে এভাবে কথা বলছেন।”
তাজুল ইসলামও উত্তেজিত কণ্ঠে কথা ওই অভিযোগ অস্বীকার করলে মিছবাহুরও বলেন, “এভাবে আমার সঙ্গে কথা বলবেন না, আমিও রাজনীতি করি।”
এতে তাজুল ইসলাম উত্তেজিত হয়ে একবার সাক্ষী আরেকবার ট্রাইব্যুনালের উদ্দেশ্যে চেঁচিয়ে কথা বলতে থাকেন।
তিনি বলেন, আদালতের সামনে ‘হুমকি দেয়ায় ’ তিনি নিরাপত্তা চান।
ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক আইনজীবীকে বসতে বললেও তিনি অভিযোগ জানাতে থাকেন।
এই পর্যায়ে সাক্ষী বলেন, “আইনজীবী যেভাবে কথা বলছেন, তাতে মনে হচ্ছে তিনি আইনজীবী নন, একজন রাজনীতিবিদ।”
এই সময় প্রসিকিউটাররা উঠে দাঁড়ান এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্যের পাল্টা চেঁচিয়ে কথা বলতে থাকেন। অন্যদিকে তাদের চুপ থাকতে বলেন আসামি পক্ষের আইনজীবীরা।
সাক্ষীও আসামি পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে চেঁচাতে থাকেন।
এই পর্যায়ে বিচারক জাহাঙ্গীর হোসেন সাক্ষীকে শান্ত করেন এবং তাজুল ইসলামকে বসতে বলেন।
এসময় প্রসিকিউটার সৈয়দ হায়দার আলী আদালতে ঢোকেন এবং সব পক্ষকে শান্ত করার উদ্যোগ নেন। তখন আসামি পক্ষের আইনজীবীরাও শান্ত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/০০৫১ ঘ.
bdnews24